এবং ন জায়তে চিত্তমেবং ধর্মা অজাঃ স্মৃতাঃ।
এবমেব বিজানন্তো ন পতন্তি বিপর্যয়ে॥৪৬
অন্বয়: এবম্ (উল্লিখিত কারণে); চিত্তম্ (মন [অর্থাৎ মনরূপে চৈতন্য]); ন জায়তে (কখনো জন্মায় না); এবম্ (একই কারণে); ধর্মাঃ (জীবাত্মাসকল [বিভিন্ন নাম এবং রূপে প্রতিভাত চৈতন্য]); অজাঃ স্মৃতাঃ ([আত্মজ্ঞ] জানেন কারোরই জন্ম হয়নি); এবম্ এব বিজানন্তঃ (যাঁরা একথা নিশ্চিতরূপে জানেন); বিপর্যয়ে ন পতন্তি (আর ভুল করেন না)।
সরলার্থ: এতক্ষণ যা বলা হল তার থেকে বোঝা যাচ্ছে মন (অর্থাৎ মনরূপে অনুভূত শুদ্ধ চৈতন্য) কখনো জন্মগ্রহণ করে না। একইভাবে জীবাত্মারও (বিভিন্ন নাম-রূপে প্রতিভাত শুদ্ধ চৈতন্যের) জন্ম হয় না (আত্মজ্ঞের দৃষ্টিতে)। যাঁরা এই সত্য জেনেছেন তাঁদের আর কখনো ভুল হয় না (অর্থাৎ তাঁরা আর অবিদ্যায় মুগ্ধ হন না)।
ব্যাখ্যা: অদ্বৈতবাদীর চূড়ান্ত সিদ্ধান্ত হল শুদ্ধ চৈতন্যই একমাত্র সত্য এবং সেই সত্য অনাদি এবং অনন্ত। কিন্তু আমরা যে চারপাশে নানারকম বস্তু দেখি তাকে কি করে ব্যাখ্যা করব? এও সেই একই সত্য, কেবল বিভিন্ন নাম-রূপে প্রতিভাত হচ্ছে মাত্র। এই নাম-রূপের কারণেই সেগুলিকে পৃথক বলে মনে হয়। আসলে এক সত্য।
এই এক দেখাই জীবনের লক্ষ্য। যাঁরা এই একত্ব উপলব্ধি করেছেন তাঁরা আর অবিদ্যায় মুগ্ধ হন না।