উপলম্ভাৎসমাচারান্মায়াহস্তী যথোচ্যতে।
উপলম্ভাৎসমাচারাদস্তি বস্তু তথোচ্যতে॥৪৪
অন্বয়: উপলম্ভাৎ সমাচারাৎ (ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সেই অনুরূপ ঘটনাবলী থেকে [সবই দ্বৈতের কার্য]); মায়াহস্তী (যাদুকরের দেখানো মায়া হাতি); যথা উচ্যতে (নির্বোধ ব্যক্তিরা সত্য বলে মনে করেন); তথা (ঠিক তেমনি); উপলম্ভাৎ সমাচারাৎ (প্রত্যক্ষ অভিজ্ঞতা ও যেসব ঘটনাবলী সেই অভিজ্ঞতাকে সমর্থন করে তার থেকে); বস্তু অস্তি উচ্যতে ([লোকে] বলেন বাহ্যবস্তুর অস্তিত্ব আছে)।
সরলার্থ ও ব্যাখ্যা: অল্পবুদ্ধি ব্যক্তিরা যাদুকরের দেখানো মায়া-হাতিকে সত্য বলে মনে করেন, কারণ এর সঙ্গে তাঁদের দ্বৈতচিন্তা বা ব্যক্তিগত অভিজ্ঞতার কোন বিরোধ নেই। একইভাবে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং সেই অনুরূপ ঘটনাবলী থেকে তাঁদের মনে বাহ্যবস্তুর অস্তিত্ব সম্পর্কেও কোন সন্দেহ থাকে না।
এই প্রত্যক্ষ দেখা ও নিজস্ব অভিজ্ঞতাকে ভিত্তি করেই দ্বৈতবাদীরা দাবি করেন যে বাহ্যবস্তুর অস্তিত্ব আছে। তাঁরা নানারকমের বস্তু দেখেন এবং সেইসব বস্তুর নানা ব্যবহার লক্ষ্য করে সেগুলিকে সত্য বলে স্থির করেন।
কিন্তু অদ্বৈতবাদীরা বলেন: তোমাদের যে ভুল হচ্ছে না একথা নিশ্চিতভাবে বলা যায় না। ধর, জাদুখেলা দেখছ। জাদুকর সেখানে মায়া-হাতির খেলা দেখাচ্ছে। হাতিটির আচরণ জীবন্ত হাতিরই মতো। সেটা দেখতে দেখতে আমরা বিশ্বাস করি সেটা সত্য। কিন্তু আসলে তা সত্য নয়, জাদুকরের সৃষ্টি।