অসজ্জাগরিতে দৃষ্ট্বা স্বপ্নে পশ্যতি তন্ময়ঃ।
অসৎস্বপ্নেঽপি দৃষ্ট্বা চ প্রতিবুদ্ধো ন পশ্যতি॥৩৯
অন্বয়: (মানুষ) জাগরিতে (জাগ্রত অবস্থায়); অসৎ দৃষ্ট্বা তন্ময়ঃ (অসৎ অর্থাৎ কাল্পনিক বস্তু দেখে তার দ্বারা প্রভাবিত হয়); স্বপ্নে পশ্যতি (সে পরে সেইসব বস্তুকে স্বপ্নে দেখে); স্বপ্নে অপি অসৎ দৃষ্ট্বা (যদিও সে স্বপ্নে ঐ সব অসৎ বস্তু দেখে); প্রতিবুদ্ধঃ ন পশ্যতি (কিন্তু জেগে উঠে সে ঐ সব বস্তু আর দেখে না)।
সরলার্থ: জাগ্রত অবস্থায় মানুষ নানা অসৎ বস্তু দেখতে পারে এবং এর দ্বারা প্রভাবিত হয়ে সে সেগুলিকে আবার স্বপ্নেও দেখতে পায়। কিন্তু ঘুম ভেঙে গেলে সেগুলি আর দেখে না।
ব্যাখ্যা: যদি জাগ্রত অবস্থায় আমাদের কোন অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা আবার স্বপ্নেও আমরা পেতে পারি। কিন্তু তার দ্বারা ঐ অভিজ্ঞতা চিরন্তন সত্য হয়ে ওঠে না। যেমন জাগ্রত অবস্থায় দড়িকে সাপ বলে ভুল করলে সেই সাপ আবার হয়তো স্বপ্নেও দেখতে পারি। কিন্তু তাতে সাপটি সত্য হয়ে উঠবে না।