সর্বে ধর্মা মৃষা স্বপ্নে কায়স্যান্তর্নিদর্শনাৎ।
সংবৃতেঽস্মিন্ প্রদেশে বৈ ভূতানাং দর্শনং কুতঃ॥৩৩
অন্বয়: স্বপ্নে (স্বপ্নে); কায়স্য অন্তঃ (দেহের অভ্যন্তরে); নিদর্শনাৎ (যাকে তুমি সত্য বলে মনে কর); সর্বে ধর্মাঃ (সকল বাহ্যবস্তু); মৃষা (মিথ্যা হয়ে যায় [তাহলে]); অস্মিন্ সংবৃতে প্রদেশে (এই ব্রহ্মে, যিনি সর্বত্র অভিন্নভাবে রয়েছেন [চৈতন্য]); ভূতানাং দর্শনং বৈ (বস্তুসকলের উপলব্ধি); কুতঃ (কেন নয় [অর্থাৎ ভ্রম নয় কেন?])।
সরলার্থ: যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি তখন দেহের অভ্যন্তরে নানা বস্তু দেখতে পাই। পরবর্তীকালে জাগ্রত অবস্থায় সেগুলি মিথ্যা হয়ে যায়, আর দেখা যায় না। এ যদি সম্ভব হয় তাহলে এক ও অভিন্ন ব্রহ্মে (যা শুদ্ধ চৈতন্য) আশ্রিত বস্তুসকলও কেন মিথ্যা হবে না?