অস্পর্শযোগো বৈ নাম সর্বসত্ত্বসুখো হিতঃ।
অবিবাদোঽবিরুদ্ধশ্চ দেশিতস্তং নমাম্যহম্॥২
অন্বয়: অস্পর্শযোগঃ (সেই যোগ যাতে বাহ্যবস্তুর সঙ্গে কোন সংযোগ থাকে না); বৈ (যথার্থত); নাম (পরিচিত); সর্বসত্ত্বসুখঃ (সকলের পক্ষে গ্রহণযোগ্য); হিতঃ (কল্যাণকর); অবিবাদঃ (বিবাদের অবকাশ নেই); অবিরুদ্ধঃ (বিরোধিতার স্থান নেই); দেশিতঃ (শাস্ত্রে নির্দেশিত); অহং তং নমামি (তাকে [সেই যোগকে] প্রণাম করি)।
সরলার্থ: যে যোগে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর সঙ্গে কোন সংযোগ থাকে না তাকে বলে অস্পর্শযোগ। এই যোগ সকলের পক্ষে গ্রহণযোগ্য ও কল্যাণকর। বিবাদ বা বৈরিতার কোন অবকাশ এই যোগে নেই। শাস্ত্র এই যোগশিক্ষা দেন। এই যোগকে আমি প্রণাম করি।
ব্যাখ্যা: এই শ্লোকে অদ্বৈততত্ত্বের প্রশস্তি করা হয়েছে। অদ্বৈতবাদকে এখানে যোগ বলা হচ্ছে, আর সেই যোগের নাম অস্পর্শযোগ। কথাটির আক্ষরিক অর্থ, যে যোগে বহির্জগতের সঙ্গে কোন সংস্পর্শ থাকে না। যাঁরা ব্রহ্মজ্ঞ তাঁরা এই যোগের তাৎপর্য বিশদভাবে জানেন।
এই যোগ সকলের জীবনে শান্তি আনে। এই জগতে বহু আপাতসুখকর বস্তু আছে, কিন্তু তা কল্যাণপ্রদ নয়। এই যোগ কিন্তু সুখকর হলেও ক্ষতিকর নয়। সর্বাবস্থায় সকলের পক্ষে এই যোগ মঙ্গলদায়ক।
অদ্বৈতমতে, একই সত্য। সুতরাং কোন সংঘাত ও বৈরিতার কোন স্থান এতে নেই। এখানে শুধু শান্তি ও সমন্বয়।
নিঃসন্দেহে এই যোগ আমাদের শ্রদ্ধা ও সমর্থন আদায় করে নেয়।