অজাতং জায়তে যস্মাদজাতিঃ প্রকৃতিস্ততঃ।
প্ৰকৃতেরন্যথাভাবো ন কথংচিদ্ভবিষ্যতি॥২৯
অন্বয়: অজাতম্ (যার জন্ম নেই); যস্মাৎ জায়তে (যার থেকে উৎপত্তি); প্রকৃতিঃ অজাতিঃ (যা স্বভাবতই জন্মরহিত); ততঃ (অতএব); প্রকৃতেঃ অন্যথাভাবঃ (সেই স্বভাব থেকে বিচ্যুতি); কথঞ্চিৎ ন ভবিষ্যতি (কোনও ভাবেই সম্ভব নয়)।
সরলার্থ: ব্রহ্ম, যিনি স্বভাবত জন্মরহিত তাঁর থেকে মনের উৎপত্তি। এর ব্যতিক্রমের প্রশ্নই ওঠে না।
ব্যাখ্যা: দ্বৈতবাদীরা বলেন—মনের জন্ম হয়। কিন্তু কিসের থেকে মনের এই জন্ম? ব্রহ্ম থেকে? কিন্তু ব্রহ্ম তো স্বরূপত জন্মহীন। যদি ব্রহ্মের জন্ম না থাকে তবে মনেরও জন্ম থাকতে পারে না। ব্রহ্মের যা স্বভাব মনেরও তাই হতে বাধ্য।