ফলাদুৎপদ্যমানঃ সন্ন তে হেতুঃ প্রসিধ্যতি।
অপ্রসিদ্ধঃ কথং হেতুঃ ফলমুৎপাদয়িষ্যতি॥১৭
অন্বয়: তে (তোমার মতে); হেতুঃ (কারণ); ফলাৎ (কার্য থেকে); উৎপদ্যমানঃ সন্ (জন্মায়); ন প্রসিধ্যতি (প্রমাণ করে না যে এটা কারণ); অপ্রসিদ্ধঃ হেতুঃ (কারণ যদি কারণ হিসেবে প্রমাণিত না হয়); কথং ফলম্ উৎপাদয়িষ্যতি (তবে তা কেমন করে কার্য উৎপন্ন করবে?)।
সরলার্থ: দ্বৈতবাদীরা বলেন যে কারণ কার্যে পরিণত হয় এবং কার্যও পরে কারণে পরিণত হয়। একথা যদি সত্য হয়, তবে কারণ আর কারণ থাকে না, যেহেতু কারণ এখানে কার্যের উপর নির্ভরশীল। এইভাবে কারণ যদি কারণরূপে প্রতিষ্ঠিত না হয়, তবে তা কার্য উৎপাদন কিভাবে করতে পারে?