জরামরণনির্মুক্তাঃ সর্বে ধর্মাঃ স্বভাবতঃ।
জরামরণমিচ্ছন্তশ্চ্যবন্তে তন্মনীষয়া॥১০
অন্বয়: স্বভাবতঃ (নিজের প্রকৃতি অনুযায়ী); জরামরণনির্মুক্তাঃ (জরা, মৃত্যু ও অন্যান্য পরিবর্তন মুক্ত); সর্বে ধর্মাঃ (সকল জীবাত্মা); জরামরণম্ ইচ্ছন্তঃ (জরা এবং মৃত্যু ইচ্ছা করে); তন্মনীষয়া (তাদের কথা চিন্তা করে); চ্যবন্তে (নিজ প্রকৃত স্বভাব থেকে বিচ্যুত হয়)।
সরলার্থ: জীবাত্মা স্বভাবতই জরা-মৃত্যু থেকে মুক্ত। কিন্তু সবসময় এইসব পরিবর্তনের কথা চিন্তা করতে করতে জীবাত্মা তার মুক্তস্বভাব হারিয়ে ফেলে (অর্থাৎ জীবাত্মা নিজের উপর এইসব পরিবর্তন আরোপ করে)।
ব্যাখ্যা: জীবাত্মা পরমাত্মা ছাড়া আর কিছুই নয়। পরমাত্মার মতো জীবাত্মারও জরা-মৃত্যু ইত্যাদি পরিবর্তন নেই। কিন্তু জীবাত্মা যদি নিজেকে পরমাত্মা থেকে পৃথক এবং জরা-মৃত্যুর অধীন বলে মনে করতে থাকে, তাহলে ঐ রকম ভাবতে ভাবতে সে ঐরকমই হয়ে যায়। আসলে কিন্তু কোন পরিবর্তন হয় না। সে ধরে নেয় যে, সে ঐরকমই হয়ে গেছে। অন্ধকার রাত্রে আমরা অনেক সময় দড়িকে সাপ বলে ভুল করি, এও ঠিক তাই। জীবাত্মা নিজের উপর অসুখ আরোপ করে নিজের অসুখ ডেকে আনে। আদতে হয়তো এসব অসুখ তার হয়নি, কিন্তু হয়েছে ভাবতে ভাবতে সে দুর্বল হয়ে পড়ে।