মরণে সম্ভবে চৈব গত্যাগমনয়োরপি।
স্থিতৌ সর্বশরীরেষু আকাশেনাবিলক্ষণঃ॥৯
অন্বয়: মরণে (মৃত্যুকালে); সম্ভবে চ (যখন তোমার জন্ম হয় তখনও); গত্যাগমনয়োঃ (ইহলোক ও পরলোকের মধ্যে যাতায়াত); অপি সর্বশরীরেষু স্থিতৌ (যে কোন দেহেই থাক না কেন); আকাশেন (আত্মা ও আকাশের [ঘটাকাশ] মধ্যে); অবিলক্ষণঃ (কোনও পার্থক্য নেই)।
সরলার্থ: মৃত্যু, জন্ম, লোক থেকে লোকান্তরে যাতায়াত এবং বিভিন্ন দেহধারণ—এই সব বিষয়ে আত্মা ও ঘটাকাশের মধ্যে কোনও পার্থক্য নেই (তাদের পার্থক্য শুধু উপাধিগত)।
ব্যাখ্যা: হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী। তাঁরা বিশ্বাস করে কর্মফলের দ্বারা মানুষের ভাগ্য নির্ধারিত হয়। যতদিন পর্যন্ত তার কর্মফল নিঃশেষিত না হয় এবং সে নিজের চেষ্টায় এবং গুরুকৃপায় নিজের স্বরূপ উপলব্ধি না করে, ততদিন তাকে বারবার জন্ম নিতে হয়। ততদিন সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তার অবস্থা ওই ঘটাকাশের মতো। ঘটের ভিতরে ও বাইরে একই আকাশ। ঘট দুয়ের মাঝে একটা কৃত্রিম ভেদ সৃষ্টি করে মাত্র। একইভাবে, আমাদের এই দেহ জীবাত্মা ও পরমাত্মার মাঝে একটা কল্পিত ভেদ সৃষ্টি করে।