যথা ভবতি বালানাং গগনং মলিনং মলৈঃ।
তথা ভবত্যবুদ্ধানামাত্মাঽপি মলিনো মলৈঃ॥৮
অন্বয়: যথা (ঠিক যেমন); বালানাম্ (শিশুদের কাছে); গগনম্ (আকাশ); মলৈঃ (ধোঁয়া, ধুলো ইত্যাদির দ্বারা); মলিনম্ (মলিন); ভবতি (হয়); তথা (সেইভাবে); অবুদ্ধানাম্ (অজ্ঞান ব্যক্তির কাছে); আত্মা অপি (আত্মাও); মলৈঃ (লোভ, ক্রোধ ইত্যাদি মলিনতার দ্বারা); মলিনঃ (কলুষিত); ভবতি (হয়)।
সরলার্থ: শিশুরা মনে করে আকাশ ধোঁয়া ধুলো ইত্যাদি দ্বারা আবৃত। সেইরকম অজ্ঞান ব্যক্তিদের কাছেও আত্মা (লোভ, ক্রোধ ইত্যাদির দ্বারা) কলুষিত বলে প্রতিভাত হন। (প্রকৃতপক্ষে আকাশ এবং আত্মা দুই-ই শুদ্ধ ও নির্মল।)
ব্যাখ্যা: আকাশের নিজস্ব কোন রং নেই। কিন্তু আমরা কখনো কখনো আকাশকে কালো, বাদামী বা ধূসর বর্ণের দেখি। আকাশে ধোঁয়া ধুলো বাষ্প বা অন্যান্য পদার্থ জমেই এরকম দেখায়। শিশুরা না বুঝে মনে করে আকাশই বুঝি কালো, বাদামী বা ধূসর বর্ণ ধারণ করেছে।
সেইরকম আত্মা স্বরূপত শুদ্ধ, অমলিন ও নির্গুণ। কিন্তু মানুষ মনে করে ক্রোধ, লোভ, হিংসা এগুলি আত্মাতেই রয়েছে। অজ্ঞান ব্যক্তিরা এগুলিকে আত্মার গুণ বলেই মনে করে। কিন্তু তা সত্য নয়। এগুলি উপাধিমাত্র। এগুলি যেন আবরণ যা মানুষের প্রকৃত স্বরূপকে আবৃত করে রাখে।