নাকাশস্য ঘটাকাশো বিকারাবয়বৌ যথা।
নৈবাত্মনঃ সদা জীবো বিকারাবয়বৌ তথা॥৭
অন্বয়: যথা (ঠিক যেমন); ঘটাকাশঃ (ঘটের অভ্যন্তরস্থ আকাশ); আকাশস্য বিকারাবয়বৌ ন (আকাশের বিকার বা অংশ নয় [ঘটাকাশও অখণ্ড আকাশ মাত্র]); তথা (একইভাবে); জীবঃ (দেহযুক্ত আত্মা [দেহ আত্মাতে আরোপিত]); সদা (সবসময়); আত্মনঃ (স্বয়ং পরমাত্মার); বিকারাবয়বৌ ন এব (বিকার বা অংশ নয়)।
সরলার্থ: ঘটাকাশ অনন্ত আকাশের অংশ বা বিকার নয়। বস্তুত ঘটাকাশ অখণ্ড আকাশ ছাড়া আর কিছুই নয়। একইভাবে, জীবাত্মা পরমাত্মা ছাড়া আর কিছুই নয়। জীবাত্মা পরমাত্মার অংশ নয়, আবার বিকারও নয়।
ব্যাখ্যা: জল যখন বুদ্বুদের আকার ধারণ করে তখনি জলে বুদ্বুদের সৃষ্টি হয়—যেমন সোনাকে খোদাই করে অলংকার তৈরি করা হয়। কিন্তু ঘটাকাশকে কোনভাবেই বুদ্বুদের সঙ্গে তুলনা করা যায় না। অনন্ত আকাশ ঘটের আকার প্রাপ্ত হয়েছে একথা বলা যাবে না। আবার শাখা-প্রশাখা যেরকম গাছের অংশ, সেইভাবে ঘটাকাশকে আকাশের অংশও বলা যায় না।
জীবাত্মা ও পরমাত্মার সম্পর্কও সেইরকম। (জলবুদ্বুদ বা স্বর্ণালঙ্কারের মতো) জীবাত্মা পরমাত্মার বিকার নয়। আবার (গাছের শাখা যেমন গাছের অংশ) জীবাত্মা (সেইভাবে) পরমাত্মার অংশও নয়।