ন কশ্চিজ্জায়তে জীবঃ সম্ভবোঽস্য ন বিদ্যতে।
এতত্তদুত্তমং সত্যং যত্র কিঞ্চিন্ন জায়তে॥৪৮
অন্বয়: কশ্চিৎ জীবঃ ন জায়তে (কোন জীবেরই জন্ম হয় না); সম্ভবঃ অস্য ন বিদ্যতে (কোন সত্তার জন্ম হবার কোন সম্ভাবনাও নেই); যত্র কিঞ্চিৎ ন জায়তে (কোন কিছুরই জন্ম হয় না); তৎ এতৎ উত্তমং সত্যম্ (এই হল পরম সত্য)।
সরলার্থ: কেউ জন্মায় না, কারও জন্মাবার সম্ভাবনা পর্যন্ত নেই। বস্তুত কোন কিছুই জন্মায় না—এই হল পরম সত্য।
ব্যাখ্যা: সৃষ্টি, যোগ ও অন্যান্য বিষয় সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। ব্রহ্মই একমাত্র সত্য—এই চূড়ান্ত তত্ত্বের জন্য মনকে প্রস্তুত করতেই এইসব প্রসঙ্গের অবতারণা। যদি কোন বস্তুকে জন্মাতে দেখি তবে তা আমাদের দৃষ্টিভ্রম মাত্র। ব্রহ্ম ছাড়া অন্য কোন বস্তুর অস্তিত্বই নেই।