যদা ন লীয়তে চিত্তং ন চ বিক্ষিপ্যতে পুনঃ।
অনিঙ্গনমনাভাসং নিষ্পন্নং ব্রহ্ম তত্তদা॥৪৬
অন্বয়: যদা পুনঃ চিত্তম্ (যখন মন [গভীর নিদ্রায় অভিভূত]); ন লীয়তে (লয় হয় না); ন চ বিক্ষিপ্যতে (বিক্ষিপ্তও হয় না); অনিঙ্গনম্ (স্থির অচঞ্চল থাকে); অনাভাসম্ (কোন কিছু সম্পর্কে সচেতন নয়); তদা (তখন); তৎ (সেই [মন]); ব্রহ্ম নিষ্পন্নম্ (ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায়)।
সরলার্থ: যখন সুষুপ্তিতে মনের লয় হয় না, আবার বিক্ষেপও হয় না বরং স্থির, অচঞ্চল থাকে এবং পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে (যোগীর) কোন জ্ঞান থাকে না তখন সেই মন ব্রহ্মে লীন হয়ে আছে।
ব্যাখ্যা: যখন মন সম্পূর্ণভাবে তোমার বশে থাকে তখন কি হয় সেকথাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই অবস্থায় সুষুপ্তিতেও মনের সম্পূর্ণ লয় হয় না, আবার কোনভাবেই মনের বিক্ষেপও হয় না। এইরকম মন সদা স্থির ও অচঞ্চল এবং পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে সম্পূর্ণ অচেতন অর্থাৎ উদাসীন। মনের এই অবস্থাই প্রমাণ করে যে মন ব্রহ্মে লীন হয়ে আছে।