গ্রহো ন তত্র নোৎসর্গশ্চিন্তা যত্র ন বিদ্যতে।
আত্মসংস্থং তদা জ্ঞানমজাতি সমতাং গতম্॥৩৮
অন্বয়: যত্র (ব্রহ্মে); চিন্তা ন বিদ্যতে (কোনও চিন্তা নেই); তত্র (ব্রহ্মে); গ্রহঃ ন (সেখানে গ্রহণ বলে কিছু নেই); উৎসর্গঃ ন (দান বলে কিছু নেই); তদা (তখন [যখন আত্মজ্ঞান লাভ হয়]); আত্মসংস্থম্ (আত্মায় প্রতিষ্ঠিত); অজাতি (জন্ম নেই); জ্ঞানং সমতাং গতং (একত্বের জ্ঞান আসে)।
সরলার্থ: ব্রহ্ম চিন্তা করেন না। ইনি কিছু গ্রহণও করেন না, দানও করেন না। যিনি আত্মাকে উপলব্ধি করেছেন তিনি আত্মাতে দৃঢ় প্রতিষ্ঠিত। এই অবস্থায় তিনি জন্মরহিত এবং সর্বত্র তাঁর সমদর্শন হয়।
ব্যাখ্যা: ব্রহ্ম প্রশান্ত এবং নির্ভয়। এইজন্য গ্রহণ বা দান কোন কর্মই তিনি করেন না। ব্রহ্মের মন বলে কিছু নেই। তাই তিনি সকল চিন্তার ঊর্ধ্বে। আত্মাকে জানলে মানুষ আত্মায় লীন হয়ে যায়—যেমনভাবে উত্তাপ আগুনে রূপান্তরিত হয়। এরূপ ব্যওি জন্মরহিত এবং সর্বত্র সমদর্শী। অর্থাৎ তিনি সর্বত্র আত্মাকেই দর্শন করেন।