সর্বাভিলাপবিগতঃ সর্বচিন্তাসমুত্থিতঃ।
সুপ্রশান্তঃ সকৃজ্জ্যোতিঃ সমাধিরলোঽভয়ঃ॥৩৭
অন্বয়: সর্বাভিলাপবিগতঃ (সকল ইন্দ্রিয়ের অতীত); সর্বচিন্তাসমুত্থিতঃ (মন তাঁর নাগাল পায় না); সুপ্রশান্তঃ (শান্ত); সকৃজ্জ্যোতিঃ (সতত উজ্জ্বল); সমাধিঃ (সর্বদা আনন্দে মগ্ন); অচলঃ (সদা স্থির); অভয়ঃ (ভয়মুক্ত)।
সরলার্থ: আত্মা অনির্বচনীয় অর্থাৎ ভাষায় তাঁকে প্রকাশ করা যায় না। বস্তুত আত্মা সকল ইন্দ্রিয়ের অতীত। মনও এঁর নাগাল পায় না। ইনি প্রশান্ত এবং সদা জ্যোতির্ময়। একমাত্র সমাধিতে এঁকে উপলব্ধি করা যায়। ইনি সতত স্থির, অচল এবং নির্ভয়।
ব্যাখ্যা: ‘অভিলাপ’ কথাটির অর্থ বাগেন্দ্রিয়। এখানে অবশ্য এর দ্বারা জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় উভয় প্রকার ইন্দ্রিয়কেই বোঝাচ্ছে। ব্রহ্মের কোন ইন্দ্রিয় নেই এবং তিনি সব ইন্দ্রিয়ের ঊর্ধ্বে।
ব্রহ্মের মনও নেই। শাস্ত্র বলেন, ব্রহ্ম ইন্দ্রিয়-মনের অতীত এবং নিত্য শুদ্ধ। ব্রহ্ম প্রশান্ত কারণ ইনি কিছুতে লিপ্ত নন। ইনি সদা জ্যোতির্ময়। এই জ্যোতি ব্রহ্মের নিজস্ব। ব্রহ্মই সমাধি—কারণ ইনিই সমাধির কারণ। যেহেতু তাঁর কোন পরিবর্তন নেই তিনি সদা স্থির ও অচল এবং তিনি সর্বদা ভয়মুক্ত।