অজমনিদ্রমস্বপ্নমনামকমরূপকম্।
সকৃদ্বিভাতং সর্বজ্ঞং নোপচারঃ কথঞ্চন॥৩৬
অন্বয়: [ব্রহ্ম হলেন] অজম্ (জন্মরহিত); অনিদ্রম্ (নিদ্রাহীন); অস্বপ্নম্ (স্বপ্নহীন); অনামকম্ (তাঁকে কোনও নামের দ্বারা বিশেষিত করা যায় না); অরূপকম্ (কোনও রূপের দ্বারা তাঁকে পৃথক করা যায় না); সকৃৎ বিভাতম্ (এক সময় প্রকাশিত [অর্থাৎ উজ্জ্বল]); সর্বজ্ঞম্ (যিনি সব জানেন); কথঞ্চন উপচারঃ ন (কারও প্রতি দায়বদ্ধ নন)।
সরলার্থ: স্বভাবত ব্রহ্মের জন্ম নেই; তিনি বিনিদ্র স্বপ্নরহিত, নাম-রূপহীন এবং এককালে প্রকাশিত (অর্থাৎ সদা উজ্জ্বল)। ব্রহ্ম জ্ঞানস্বরূপ এবং সর্বব্যাপী চৈতন্য। অতএব তিনি সকল দায়ভারমুক্ত।
ব্যাখ্যা: অজ্ঞ ব্যক্তি জন্ম-মৃত্যুর অধীন। কিন্তু ব্রহ্ম জ্ঞানস্বরূপ, সেহেতু জন্ম-মৃত্যুহীন। তিনি বিনিদ্র এবং স্বপ্নরহিত। মানুষ যখন ঘুমিয়ে থাকে বা স্বপ্ন দেখে তখন তার স্বাভাবিক সজাগ ভাবটি থাকে না। অজ্ঞানতার ফলেও অনুরূপ বা আরও মন্দ অবস্থায় সে থাকে। এখানে নিদ্রাবস্থা এবং স্বপ্নাবস্থা বলতে বোঝাচ্ছে, যে অবস্থায় মানুষের উচিত-অনুচিত বা ভালো-মন্দ বিচার করার ক্ষমতা থাকে না। এই পরিস্থিতির মূল কারণ অজ্ঞানতা।
পরম সত্য হল শুদ্ধ চৈতন্য। তাঁকে আমরা ব্রহ্ম বলি। ব্রহ্ম কিন্তু কোন নাম নয়। এর দ্বারা পরম সত্য যে সর্বব্যাপী সেকথা বোঝানো হয়েছে। ব্রহ্ম নিত্য প্রকাশিত। দিন বা রাত্রি সবসময়ই ইনি অপরিবর্তিত। দেশ বা কালের দ্বারা এই সত্য সীমাবদ্ধ নন। কোন গুণের দ্বারা তাঁকে বিশেষিতও করা যায় না। তিনি মুক্ত, শুদ্ধ, নিষ্কলঙ্ক। তিনিই সব। তিনি নিরপেক্ষ, কারও প্রতি দায়বদ্ধ নন। কিন্তু ব্রহ্ম ছাড়া কোন বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারে না।