লীয়তে হি সুষুপ্তে তন্নিগৃহীতং ন লীয়তে।
তদেব নির্ভয়ং ব্রহ্ম জ্ঞানালোকং সমন্ততঃ॥৩৫
অন্বয়: হি (যেহেতু); সুষুপ্তে তৎ লীয়তে (গভীর নিদ্রায় মন কারণ-অজ্ঞানে ফিরে যায়); নিগৃহীতম্ (সংযত); ন লীয়তে (কারণ-অজ্ঞানে ফিরে যায় না); তৎ (মন); এব নির্ভয়ম্ (ভয়মুক্ত); সমন্ততঃ (সম্পূর্ণভাবে [লয় হয়]); জ্ঞানালোকম্ (জ্ঞানের আলো [যা]); ব্রহ্ম (ব্রহ্ম)।
সরলার্থ: গভীর ঘুমের সময় মন কারণ-অজ্ঞানে লয় হয়। কিন্তু সংযত মনের ক্ষেত্রে এরকম হয় না। সংযত মন ভয়মুক্ত এবং জ্ঞানস্বরূপ ব্রহ্মে লীন হতে সক্ষম।
ব্যাখ্যা: গভীর নিদ্রামগ্ন ব্যক্তির মনের অবস্থা কিরকম? যতদিন তিনি মনকে সংযত করে আত্মায় স্থির রাখতে সক্ষম না হন, ততদিন সুষুপ্তিকালে তাঁর মন অবিদ্যার কারণ অবস্থায় ফিরে যায়। কিন্তু যাঁর মন সম্পূর্ণরূপে নিজের রূপে রয়েছে এবং নিরন্তর আত্মচিন্তায় মগ্ন তিনি আত্মাতে লীন হয়ে থাকেন।
এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? প্রথমজনের অশান্তি থেকে মুক্তি সাময়িক। জেগে উঠলেই যা ছিল তাই। সকল দুঃখের মূল অবিদ্যা। এই অবিদ্যা তার মধ্যে পুরোমাত্রায় বিদ্যমান। অবিদ্যার বন্ধন থেকে তার তখনও মুক্তি হয়নি।
আর দ্বিতীয়জন? তিনি স্বরূপজ্ঞান লাভ করেছেন। আত্মার সঙ্গে একত্ব উপলব্ধি করে তিনি এখন জীবন্মুক্ত পুরুষ।