মনোদৃশ্যমিদং দ্বৈতং যৎকিঞ্চিৎসচরাচরম্।
মনসো হ্যমনীভাবে দ্বৈতং নৈবোপলভ্যতে॥৩১
অন্বয়: ইদং সচরাচরম্ (এই গতিশীল অথবা স্থাবর); যৎ কিঞ্চিৎ (যা কিছু); দ্বৈতং মনোদৃশ্যম্ (দুই বোধ মনের সৃষ্টি); মনসঃ অমনীভাবে (যখন মন নিষ্ক্রিয় হয়); দ্বৈতং ন হি উপলভ্যতে (আর ভেদদর্শন হয় না)।
সরলার্থ: এই দ্বৈতজগতে আমরা স্থাবর এবং জঙ্গম দুরকমের বস্তুই দেখি। এ সব বস্তুই মনের সৃষ্টি। মন নিষ্ক্রিয় হলে দুই বোধ আর থাকে না।
ব্যাখ্যা: আমরা যে জগতে বহু দেখি তারজন্য মনই দায়ী। যার মন সম্পূর্ণ স্থির হয়েছে তার আর ভেদদর্শন হয় না। যেমন, সুষুপ্তি অথবা সমাধি অবস্থায় মন নিষ্ক্রিয় থাকে—তখন আর দুইবোধ থাকে না। এর তাৎপর্য যথার্থ দ্বিতত্ত্ব বলে কিছু নেই। দুই দেখা মনের সৃষ্টি।