ন ভবত্যমৃতং মর্ত্যং ন মর্ত্যমমৃতং তথা।
প্রকৃতেরন্যথাভাবো ন কথঞ্চিদ্ভবিষ্যতি॥২১
অন্বয়: অমৃতম্ (যা অবিনশ্বর); মর্ত্যং ন ভবতি (মরণশীল হতে পারে না); তথা (সেইরকমভাবে); মর্ত্যম্ (যা মরণশীল); অমৃতং ন [ভবতি] (তা মৃত্যুহীন হতে পারে না); কথঞ্চিৎ (যে কোনও বস্তু); প্রকৃতেঃ অন্যথাভাবঃ ন ভবিষ্যতি (যেভাবে প্রকৃতি তাকে সৃষ্টি করেছে তার চেয়ে অন্যরকম হতে পারে না)।
সরলার্থ: যা স্বভাবতই মৃত্যুহীন, তার কখনো মৃত্যু হতে পারে না। একইভাবে যা স্বভাবতই মরণশীল, তা অমর হতে পারে না। প্রকৃতি যে বস্তুকে যেভাবে তৈরি করেছে, তার থেকে সে অন্যরকম হতে পারে না।
ব্যাখ্যা: যা স্বভাবতই অমৃত—তা সবসময় এবং সব অবস্থাতেই অমর। আবার যা স্বভাবতই মরণশীল, তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য—যেহেতু এটি মরণশীল, অতএব সব অবস্থাতেই তাকে মরণশীল হতে হবে। কখনই এ অমর হতে পারে না। প্রকৃতি যে বস্তুকে যেমনভাবে সৃষ্টি করেছেন তার অন্যথা হওয়া সম্ভব নয়। আগুন কি কখনো উত্তাপহীন হতে পারে?