অজাতস্যৈব ভাবস্য জাতিমিচ্ছন্তি বাদিনঃ।
অজাতো হ্যমৃতো ভাবো মর্ত্যতাং কথমেষ্যতি॥২০
অন্বয়: বাদিনঃ (দ্বৈতবাদীরা); অজাতস্য ভাবস্য (যা জন্মরহিত তার); এব জাতিম্ ইচ্ছন্তি (জন্মের স্বপক্ষে তর্কবিচার করেন); অজাতঃ হি অমৃতঃ ভাবঃ (যার জন্ম নেই তার [অবশ্যই] মৃত্যুও নেই); কথং মর্ত্যতাম্ এষ্যতি (কিভাবে মরণশীল হতে পারে)?
সরলার্থ: যা জন্মরহিত তারও জন্ম হতে পারে—এজাতীয় তর্ক দ্বৈতবাদীরা করে থাকেন। কিন্তু যে বস্তুর জন্ম নেই, তার মৃত্যুও নেই। সুতরাং এমন বস্তুর (যার জন্ম নেই) মৃত্যু কেমন করে হতে পারে?
ব্যাখ্যা: আত্মা অবিনাশী অর্থাৎ জন্মমৃত্যুরহিত। তথাপি কিছু দ্বৈতবাদী যুক্তিতর্কের দ্বারা আত্মার জন্ম হতে পারে একথা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাঁরা ভুলে যান যে জন্ম থাকলে মৃত্যুও থাকতে হবে। জন্ম-মৃত্যুর একটি থাকলে অন্যটিও থাকতে বাধ্য। যেহেতু আত্মার মৃত্যু নেই, অতএব তাঁর জন্মও হতে পারে না। ‘মৃত্যুহীনের জন্ম হয়’—এ প্রস্তাব উদ্ভট।