স্বসিদ্ধান্তব্যবস্থাসু দ্বৈতিনো নিশ্চিতা দৃঢ়ম্।
পরস্পরং বিরুধ্যন্তে তৈরয়ং ন বিরুধ্যতে॥১৭
অন্বয়: দ্বৈতিনঃ (দ্বৈতবাদীরা); স্বসিদ্ধান্তব্যবস্থাসু দৃঢ়ং নিশ্চিতাঃ (নিজ প্রত্যয়ে দৃঢ়বুদ্ধি); পরস্পরং বিরুধ্যন্তে (নিজেদের মধ্যে তর্কযুদ্ধ করে); তৈঃ (তাদের সঙ্গে); অয়ম্ (ইনি, অদ্বৈতবাদী); ন বিরুধ্যতে (কখনো দ্বন্দ্বে লিপ্ত হন না)।
সরলার্থ: দ্বৈতবাদীরা আপন প্রত্যয়ে দৃঢ়বুদ্ধি, কিন্তু তাঁরা পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। কিন্তু অদ্বৈতবাদীরা কখনো তাঁদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হন না।
ব্যাখ্যা: অদ্বৈতবাদী অভ্রান্ত, কারণ তাঁর সিদ্ধান্ত যুক্তি এবং শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত। কপিল কণাদ বুদ্ধ এবং জৈন প্রভৃতি দ্বৈতবাদীরা আপন আপন প্রত্যয়ে প্রতিষ্ঠিত এবং মনে করেন যে তাঁদের সিদ্ধান্ত নির্ভুল। কিন্তু পরিহাসের ব্যাপার হল তাঁরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। অদ্বৈতবাদী কিন্তু কারও সঙ্গে বিবাদে প্রবৃত্ত হন না। অদ্বৈততত্ত্ব সর্বগ্রাহী এবং সব মতবাদের সর্বোচ্চ পরিণতি। তিনি সকলকেই গ্রহণ করেন, কাউকে বর্জন করেন না। তাঁর মতে বিভিন্ন মতবাদ একই লক্ষ্যে পৌঁছবার বিভিন্ন ধাপ মাত্র। কিন্তু দ্বৈতবাদীরা আত্মতুষ্ট এবং অহঙ্কারে অন্ধ।