সংঘাতাঃ স্বপ্নবৎসর্বে আত্মমায়াবিসর্জিতাঃ।
আধিক্যে সর্বসাম্যে বা নোপপত্তির্হি বিদ্যতে॥১০
অন্বয়: সর্বে সংঘাতাঃ (দেহ এবং তার সংশ্লিষ্ট অন্যান্য অংশ); স্বপ্নবৎ (যেন স্বপ্নে দেখা অবাস্তব এক জিনিস); আত্ম-মায়া-বিসর্জিতাঃ (আত্মার অবিদ্যার দ্বারা উৎপন্ন); হি (অতএব); আধিক্যে (পশুদের তুলনায় উৎকৃষ্ট); সর্বসাম্যে বা (অথবা সকলের সমান অবস্থা); ন উপপত্তিঃ বিদ্যতে (ঠিক মানায় না)।
সরলার্থ: দেহমাত্রই অবিদ্যার ফসল। দেহগুলি কাল্পনিক, সত্য নয়। এইসব দেহ উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন, এগুলি সবই গৌণ।
ব্যাখ্যা: সব দেহই স্বপ্নবৎ কাল্পনিক, সত্য নয়। এর মধ্যে কিছু দেহ হতে পারে উচ্চতর লোকের—যেমন দেবদেবীর শরীর; আবার কিছু হয়তো ইতর প্রাণীর—যেমন পশুপাখীর দেহ; আবার কিছু শরীর এ দুয়ের মাঝে—যেমন মানুষের শরীর। কিন্তু এই সব দেহই অবিদ্যার ফল। এগুলি গৌণ। এই দেহের দ্বারা কোন উদ্দেশ্য সাধন হয়, একথা মনে করার কোন কারণ নেই।