অভাবশ্চ রথাদীনাং শ্ৰূয়তে ন্যায়পূর্বকম্।
বৈতথ্যং তেন বৈ প্রাপ্তং স্বপ্ন আহুঃ প্রকাশিতম্॥৩
অন্বয়: স্বপ্নে রথাদীনাম্ (স্বপ্নে দেখা রথ); অভাবঃ (সব মিথ্যা); চ ন্যায়পূর্বকম্ (এটি যুক্তিগ্রাহ্য); শ্ৰয়তে (শাস্ত্রও এইকথা বলেন); তেন (স্থানের সংকীর্ণতার ফলে); প্রাপ্তম্ (প্রমাণিত); বৈতথ্যম্ (অসত্যতা); প্রকাশিতম্ ([শাস্ত্র শুধুই] বারবার বলেন); আহুঃ ([প্রজ্ঞাবান ব্যক্তিরা] বলেছেন)।
সরলার্থ: স্বপ্নে দেখা রথ মিথ্যা। এটি যুক্তিযুক্ত এবং শাস্ত্রেও সেকথা বলা হয়েছে। দেহ-মধ্যবর্তী স্থান খুবই সংকীর্ণ (রথ রাখার পক্ষে); এর দ্বারাই রথের অনিত্যতা প্রমাণিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা বলেন একথা যুক্তিযুক্ত এবং শাস্ত্রও এইকথা বারবার বলে থাকেন।
ব্যাখ্যা: এখানে গৌড়পাদ বলতে চাচ্ছেন স্বপ্নের এই অনিত্যতা শাস্ত্র-সমর্থিত। যেমন, আমি স্বপ্ন দেখছি যে আমি রথে চড়ে চলেছি। শাস্ত্রমতে, আমার এ অভিজ্ঞতা সত্য নয়। এটি বৈতথ্য বা বিকৃতি। কিন্তু যদি এই সিদ্ধান্ত যুক্তিগ্রাহ্য না হয় তবে আমরা শাস্ত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারি। এমনকি অগ্রাহ্যও করতে পারি। কিন্তু গৌড়পাদ বলছেন যে, পূর্বোক্ত সিদ্ধান্তটি যুক্তিগ্রাহ্য। আমার নিজের বিচারবুদ্ধিও এই যুক্তিকে মেনে নেয় যে, এই স্বপ্ন-অভিজ্ঞতা মিথ্যা। প্রজ্ঞাবান ব্যক্তিরাও এই একই কথা (স্বপ্নের মিথ্যাত্ব) বলেন।
স্বপ্নের অভিজ্ঞতাই হল জ্যোতির্ময় আত্মার প্রমাণ। বস্তু থাক বা না থাক আত্মা জ্যোতিস্বরূপ।