লোকাঁল্লোকবিদঃ প্ৰাহুরাশ্রমা ইতি তদ্বিদঃ।
স্ত্রীপুংনপুংসকং লৈঙ্গাঃ পরাপরমথাপরে॥২৭
অন্বয়: লোকবিদঃ লোকান্ প্ৰাহুঃ (কিছু ব্যক্তি আছেন যাঁরা অপরকে সন্তুষ্ট করতেই ব্যস্ত, তাঁরা মনে করেন অপরকে আনন্দ দেওয়াই একমাত্র ধর্ম); তৎ বিদঃ আশ্রমাঃ (আবার দক্ষের মতো কিছু মানুষ আছেন যাঁরা বর্ণাশ্রমের নিয়মাবলীর উপরই বেশি গুরুত্ব দেন এবং এগুলিকেই তাঁদের জীবনের সব বলে মনে করেন); লৈঙ্গাঃ (যিনি ব্যাকরণ জানেন); স্ত্রীপুংনপুংসকম্ (স্ত্রী, পুরুষ এবং নপুংসক—এই প্রকার লিঙ্গভেদকে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং একমাত্র সত্য বলে মনে করেন); অথ অপরে পর অপরম্ (আবার এমন মানুষও আছেন যাঁরা পরব্রহ্ম ও অপরব্রহ্মকেই সত্য বলে মনে করেন)।
সরলার্থ: কিছু মানুষ আছেন যাঁরা অন্যকে আনন্দ দিতেই ব্যস্ত। তাঁদের কাছে এটাই ধর্ম। আবার অন্য কিছু মানুষ বর্ণাশ্রমপ্রথা কঠোরভাবে মেনে চলেন। একেই তাঁরা ধর্ম বলে মনে করেন। আবার যাঁরা ব্যাকরণবিদ তাঁরা লিঙ্গের উপরই বেশি গুরুত্ব দেন। যে সমস্ত শব্দগুলি লিঙ্গের প্রতীক সেগুলি তাঁদের কাছে পবিত্র। আবার এমন কিছু ব্যক্তি আছেন যাঁরা পরব্রহ্ম ও অপরব্রহ্মকেই একমাত্র সত্য বলে মনে করেন।