কাল ইতি কালবিদো দিশ ইতি চ তদ্বিদঃ।
বাদা ইতি বাদবিদো ভুবনানীতি তদ্বিদঃ॥২৪
অন্বয়: কালঃ ইতি কালবিদঃ (জ্যোতির্বিদদের মতে কালই পরম সত্য); দিশঃ ইতি তৎ বিদঃ (মানুষের শ্বাসক্রিয়া দেখে যাঁরা তাঁদের ভবিষ্যৎ বলে দিতে পারেন, তাঁরা মনে করেন এই জ্যোতির্বিদ্যাই শ্রেষ্ঠ বিজ্ঞান); বাদাঃ ইতি বাদবিদঃ (যাঁরা শব্দের শক্তিতে বিশ্বাসী তাঁরা মনে করেন শব্দই শ্রেষ্ঠ); ভুবনানি ইতি তৎ বিদঃ (যাঁরা [চতুর্দশ] লোক নিয়ে অধ্যয়ন করেন তাঁরা তাঁদের বিষয়কেই শ্রেষ্ঠ বলে দাবি করেন)।
সরলার্থ: জ্যোতির্বিদরা মনে করেন কালই পরম সত্য। আবার এমন সব মানুষও আছেন যাঁরা মানুষের শ্বাসক্রিয়ার ধরন দেখে ভবিষ্যদ্বাণী করতে পারেন। তাঁদের মতে জ্যোতিষই হল শ্রেষ্ঠ বিজ্ঞান। আবার এমন মানুষও আছেন যাঁরা শব্দের শক্তিতে বিশ্বাসী। তাঁরা শব্দকেই বিজ্ঞান হিসাবে পড়াশুনো করেন। এবং তাঁদের মতে এই শব্দ বিজ্ঞানই সবথেকে গুরুত্বপূর্ণ। আবার কিছু মানুষ এই চতুর্দশ লোক নিয়ে পড়াশুনো করেন। তাঁরা বলেন, অন্য সব বিদ্যার মধ্যে তাঁদের বিদ্যাই শ্রেষ্ঠ।