প্রাণ ইতি প্রাণবিদো ভূতানীতি চ তদ্বিদঃ।
গুণা ইতি গুণবিদস্তত্ত্বানীতি চ তদ্বিদঃ॥২০
অন্বয়: প্রাণবিদঃ (সমষ্টি মন—হিরণ্যগর্ভের যাঁরা উপাসক [অর্থাৎ যাঁরা বৈশেষিক মতবাদী]); প্রাণ ইতি (পরমাত্মাকেই প্রাণ অথবা হিরণ্যগর্ভ [ঈশ্বরও] বলে মনে করেন); ভূতানি ইতি চ তদ্বিদঃ (জড়বাদীরা অর্থাৎ যাঁরা লোকায়ত উপাদানসমূহকে [যথা ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ, ব্যোম] একমাত্র সত্য বলে মনে করেন); গুণবিদঃ (সাংখ্যরা); গুণাঃ ইতি (বিশ্বাস করেন তিনটি গুণ [সত্ত্ব, রজঃ ও তমঃ] দিয়ে আত্মার সৃষ্টি); তত্ত্বানি ইতি চ তদ্বিদঃ (শৈবরা এই জগতের কারণ হিসাবে আত্মা, অবিদ্যা [অজ্ঞানতা বা মায়া] ও শিবকে উপাসনা করে থাকেন)।
সরলার্থ: যাঁরা হিরণ্যগর্ভকে উপাসনা করেন তাঁরা মনে করেন আত্মাই হিরণ্যগর্ভ। বৈশেষিক দার্শনিকরা মনে করেন, ঈশ্বরই আত্মা এবং তিনি এই বিশ্বের স্রষ্টা। জড়বাদী অর্থাৎ লোকায়ত দার্শনিকদের মতে ক্ষিতি, অপ্, তেজ ও বায়ু এই চারটি দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে। আবার সাংখ্যের মতে, সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি গুণই হল আত্মার উপাদান। আর শৈবরা বিশ্বাস করেন শিব, অবিদ্যা এবং আত্মাই হল জগতের মূল।