তৌ হান্বীক্ষ্য প্রজাপতিরুবাচানুপলভ্যাত্মানমননুবিদ্য ব্ৰজতো যতর এতদুপনিষদো ভবষ্যন্তি দৈবা বাসুরা বা তে পরাভবিষ্যন্তীতি। স হ শান্তহৃদয় এব বিরোচনোঽসুরান্ জগাম, তেভ্যো হৈতামুপনিষদং প্রোবাচাত্মৈবেহ মহয্য আত্মা পরিচর্য আত্মানমেবেহ মহয়নাত্মানং পরি- চরনুভৌ লোকাববাপ্নোতীমং চামুং চেতি ॥ ৪
সরলার্থ : তৌ (তাহাদিগকে) হ অনু + ঈক্ষ্য (নিরীক্ষণ করিয়া) প্রজাপতিঃ উবাচ (বলিলেন)—অনুপলভ্য (লাভ না করিয়া, অনুভব না করিয়া), আত্মানম্ (আত্মাকে) অনুবিদ্য (না জানিয়া, প্রাপ্ত না হইয়া) ব্ৰজতঃ (গমন করিল)। যতরে (এই দুইয়ের মধ্যে যে—দেবগণ বা অসুরগণ) এতৎ+উপনিষদঃ (এই প্রকার হইয়াছে উপনিষৎ অর্থাৎ বিদ্যা যাহাদিগের) ভবিষ্যন্তি (হইবে), দেবাঃ বা অসুরাঃ বা (দেবগণ বা অসুরগণ), তে (তাহারা) পরাভবিষ্যন্তি (বিনষ্ট হইবে, পরাভূত হইবে) ইতি। সঃ (সেই) হ শান্তহৃদয়ঃ এব বিরোচনঃ অসুরান্ (অসুরগণের নিকট) জগাম (গমন করিল)। তেভ্যঃ (তাহাদিগকে) হ এতাম্ উপনিষদম্ (উপনিষৎকে, এই তত্ত্বকে) প্রউবাচ (বলিল) —আত্মা এব (এই দেহই) ইহ (এই পৃথিবীতে) মহয্যঃ (পূজনীয়) আত্মা পরিচর্যঃ (সেব্য)। আত্মানম্ এব ইহ মহয়ন্ (মহীয়ান্ করিলে) আত্মানম্ পরিচর (পরিচর্যা করিলে) উভৌ লোকৌ (উভয় লোককে) অব আপ্নোতি (প্রাপ্ত হয়) ইমম্ চ (এই লোককে) অমুম্ চ (ঐ লোককে) ইতি।
সরলার্থ : তাঁহাদের চলিয়া যাইতে দেখিয়া প্রজাপতি মনে মনে বলিলেন—’ইহারা আত্মাকে উপলব্ধি না করিয়াই, আত্মাকে না জানিয়াই চলিয়া গেল। ইহাদের মধ্যে যে এই জ্ঞানকেই উপনিষৎ অর্থাৎ প্রকৃত জ্ঞান বলিয়া গ্রহণ করিবে—সে দেবতাই হউক বা অসুরই হউক—বিনষ্ট হইবে।’ অসুররাজ বিরোচন শান্তচিত্তে অসুরগণের নিকট গিয়া তাঁহাদিগকে এই উপনিষৎ শিক্ষা দিলেন—’এই পৃথিবীতে দেহেরই (অর্থাৎ আত্মারই) পূজা ও পরিচর্যা করিবে। দেহকে মহীয়ান করিলে এবং তারপর পরিচর্যা করিলে ইহলোক পরলোক—উভয় লোকই লাভ করা যায়।’
মন্তব্য : এস্থলে ‘আত্মা’=দেহ। এ বিষয়ে ১।২।১৪ মন্তব্য দ্রষ্টব্য।