তদ্ যদা মহাপথ আতত উভৌ গ্রামৌ গচ্ছতীমং চামুং চৈবমেবৈতা আদিত্যস্য রন্ময় উভৌ লোকৌ গচ্ছন্তীমং চামুং চামুম্মাদাদিত্যা প্রতায়ন্তে তা আসু নাড়ীষু সৃপ্তা আভ্যো নাড়ীভ্যঃ প্রতায়ন্তে তেহমুষ্মিন্নাদিত্যে সৃপ্তাঃ ॥ ২
অন্বয় : তৎ যথা (যেমন) মহাপথঃ (বিস্তীর্ণ পথ) আততঃ (বিস্তৃত) উভৌ গ্রামৌ (দুই গ্রামে) গচ্ছতি (গমন করে); ইমম্ চ (ঐ গ্রামে); অমুং চ এবম্ এব (এই প্রকারেই এতাঃ (এই সমুদয়) আদিত্যস্য (আদিত্যের) রন্ময়ঃ (রশ্মিসমূহ, স্ত্রীং, ইহার বিশেষণ এতাঃ) উভৌ লোকৌ (উভয় লোকে); গচ্ছন্তি (গমন করে) ইমম্ চ (এইলোকে) অমুম্ চ (ঐ লোকে)। অমুম্মাৎ আদিত্যাৎ (ঐ আদিত্যলোক হইতে) প্রতায়ন্তে (বিস্তৃত হয়), তাঃ (সেই সমুদয়) আসু নাড়ীষু (এই সমুদয় নাড়ীতে) সুপ্তাঃ (প্রবিষ্ট হয়) আভ্যঃ নাড়ীভ্যঃ (এই সমুদয় নাড়ী হইতে) প্রতায়ন্তে, তে (তাহারা; রশ্মিসমূহ পুং) অমুষ্মিন্ আদিত্যে (ঐ আদিত্যে) সুপ্তাঃ (প্রবিষ্ট হয়)।
সরলার্থ : যেমন এক মহাপথ বিস্তৃত হইয়া নিকট এবং দূরের দুই গ্রামেই যায়। তেমনি সূর্যের রশ্মিসমূহও এই লোক এবং ঐ লোক দুই লোকেই যায়। রশ্মিসমূহ ঐ আদিত্য হইতে বিস্তৃত হয় এবং (বিস্তৃত হইয়া) এইসব নাড়ীতে প্রবেশ করে। আবার এই নাড়ী হইতে বিস্তৃত হইয়া তাহারা ঐ সূর্যে প্রবেশ করে।
মন্তব্য : (ক) ‘রশ্মি’ শব্দ পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয়ই। (খ) দুটি গ্রাম যদি একটি পথদ্বারা সংযুক্ত হয়, ইহা বলা যাইতে পারে যে, পথটি ঐ গ্রাম হইতে আরম্ভ করিয়া এই গ্রাম পর্যন্ত আসিয়াছে, কিংবা ইহাও বলা যাইতে পারে যে, পথটি এই গ্রাম হইতে আরম্ভ করিয়া ঐ গ্রাম পর্যন্ত গিয়াছে। এই প্রকার ইহাও বলা যায় যে, রশ্মিসমূহ সূর্য হইতে বিস্তৃত হইয়া নাড়ীসমূহে আসিয়াছে, কিংবা ইহাও বলা যাইতে পারে যে, নাড়ী হইতে বিস্তৃত হইয়া সূর্যে গিয়াছে। (গ) সচরাচর ‘পরলোকে যাইবার পথ’ বা ‘মৃত্যু’ অর্থে ‘মহাপথ’ ব্যবহৃত হয়, কিন্তু প্রাচীনকালে ‘বিস্তীর্ণ পথ’ অর্থেও ইহা ব্যবহৃত হইত।