স যদি পিতৃলোককামো ভবতি সঙ্কল্পাদেবাস্য পিতরঃ সমুত্তিষ্ঠন্তি। তেন পিতৃলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ১
অন্বয় : সঃ যদি পিতৃলোককামঃ ভবতি, সঙ্কল্পাৎ এব (সঙ্কল্প হইবামাত্রই) অস্য (ইহার) পিতরঃ (পিতৃপুরুষগণ) সম্—উৎ+তিষ্ঠন্তি (পুরোভাগে উপস্থিত হন)। তেন পিতৃলোকেন (সেই পিতৃলোকের সহিত) সম্পন্নঃ (যুক্ত হইয়া) মহীয়তে (পূজনীয় হন, মহীমাযুক্ত হন)।
সরলার্থ : তিনি যদি পিতৃলোক কামনা করেন, তবে সঙ্কল্পমাত্রই পিতৃগণ তাঁহার নিকট উপস্থিত হন এবং তিনি পিতৃলোক লাভ করিয়া মহীয়ান হন।
মন্তব্য : ‘পিতৃলোক’ অর্থ ‘পিতৃপুরুষগণের লোক’ নহে। এস্থলে পিতৃপুরুষগণকেই লোক বলা হইয়াছে। শঙ্কর বলেন—’পিতৃপুরুষগণ আমাদিগকে সুখপ্রদান করেন, সুতরাং তাঁহারাও আমাদিগের বিষয়বস্তু। এইজন্য ইহাদিগকেও লোক বলা হইয়াছে। ‘ মাতৃলোক, ভ্রাতৃলোক প্রভৃতিরও এই ব্যাখ্যা।