অথ যদিদমস্মিন্ ব্রহ্মপুরে দহরং পুণ্ডরীকং বেশ দহরোহস্মিন্নন্তরাকাশস্তস্মিন্ যদন্তস্তদন্বেষ্টব্যং তদ্বাব বিজিজ্ঞাসিতব্যমিতি ॥ ১
অন্বয় : অথ (অনন্তর) যৎ ইদম্ [বেশ্ম] (এই যে গৃহে) অস্মিন্ ব্রহ্মপুরে (এই ব্রহ্মপুরে=শরীরে) দহরম্ (অল্প) পুণ্ডরীকম্ (পদ্ম) বেশ্ম দহরঃ, অস্মিন্ (ইহাতে) অন্তরাকাশঃ (অভ্যন্তরস্থ আকাশ; কিংবা অন্তঃ-অভ্যন্তরে) তস্মিন্ (তাহাতে) যৎ (যাহা) অন্তঃ (অন্তর্বর্তী; মধ্যে) তৎ (তাহা) অন্বেষ্টব্যম্ (অন্বেষণ করিতে হইবে), তৎ বাব বিজিজ্ঞাসিতব্যম্ (বিশেষরূপে জানিবার ইচ্ছা করিতে হইবে)।
সরলার্থ : (দেহরূপ) ব্রহ্মপুরে এই যে ক্ষুদ্র পদ্মাকার গৃহ ইহাতে এক ক্ষুদ্র আকাশ আছে। তার মধ্যে যাহা আছে তাহাকে অন্বেষণ করিতে হইবে, তাহাকেই বিশেষরূপে জানিবার ইচ্ছা করিতে হইবে।
মন্তব্য : ব্রহ্মপুরে=ব্রহ্মের পুরে। ব্রহ্মন্ ও পুর শব্দের সমাসে ‘ব্রহ্মপুর’ হইতে পারে। কোন কোন মতে ‘যদৈতজ্জরা বাপ্নোতি’=যদা+এত+জরা+বা+ আপ্নোতি — যখন ‘জরা’ দেহকে প্রাপ্ত হয়। আমরা যে পাঠ গ্রহণ করিয়াছি তাহাতে ‘জরাঃ’ শব্দ বহুবচন। জরাবাপ্নোতি=জরা+অবাপ্নোতিও হইতে পারে।