যে এতে ব্রহ্মলোকে তং বা এতং দেবা আত্মানমুপাসতে তস্মাত্তেষাং সর্বে চ লোকা আত্মাঃ সর্বে চ কামাঃ, স সর্বাংশ্চ লোকানাপ্নোতি সর্বাংশ্চ কামান্ যস্তমাত্মানমনুবিদ্য বিজানাতীতি হ প্রজাপতিরুবাচ প্রজাপতিরুবাচ ॥ ৬
অন্বয় : যে এতে (এই যে সমুদয় ‘দেবতা’) ব্ৰহ্মলোকে তম্ বৈ এতম্ [আত্মানম্] (সেই এই আত্মাকে) দেবাঃ (দেবগণ) আত্মানম্ উপাসতে (উপাসনা করেন)। তস্মাৎ (সেই জন্য) তেষাম্ (তাহাদিগের) সর্বে চ লোকাঃ (সমুদয় লোক) আত্তাঃ (প্রাপ্ত) সর্বে চ কামাঃ (সমুদয় কামনা)। সঃ সর্বান চ লোকান্ (সমুদয় লোককে) আপ্নোতি (প্রাপ্ত হন) সর্বান্ চ কামান্ (সমুদয় কাম্যবস্তুকে), যঃ (যিনি) তম্ আত্মনম্ (সেই আত্মাকে) অনুবিদ্য (প্রাপ্ত হইয়া) বিজানাতি (জানেন) ইতি হ প্রজাপতিঃ উবাচ—প্রজাপতিঃ উবাচ (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : এই যে ব্রহ্মলোকে দেবতাগণ ইঁহারা সেই আত্মাকেই উপাসনা করেন। সেইজন্য তাঁহারা সর্বলোক ও সকল কাম্যবস্তু লাভ করেন। এইভাবে যিনি সেই আত্মাকে জানিয়া বিশেষরূপে অনুভব করেন, তিনিও সকল লোক ও সকল কাম্যবস্তু লাভ করেন। প্রজাপতি এই কথাই বলিয়াছিলেন।
মন্তব্য : (ক) কোন কোন সংস্করণে ‘যে এতে ব্ৰহ্মলোকে’ এই অংশকে ৫ম মন্ত্রের সহিত যুক্ত করা হইয়াছে। তাহা হইলে ঐ মন্ত্রের শেষ অংশের এই অর্থ হইবে— ব্ৰহ্মলোকে যে সমুদয় কামনা আছে (যে এতে ব্ৰহ্মলোকে), তিনি মনোরূপ দৈবচক্ষু দ্বারা সেই সমুদয় কামনা দর্শন করিয়া আনন্দিত হন। (খ) কেহ কেহ ষষ্ঠ মন্ত্রের প্রথম অংশের এই প্রকার অর্থ করেন—এই যে দেবতাগণ, ইঁহারা ব্রহ্মলোকে এই আত্মাকে উপাসনা করেন।