যদ্ যত্রৈত সুপ্তঃ সমস্তঃ সম্প্রসন্নঃ স্বপ্নং ন বিজানাত্যেষ আত্মেতি হোবাচৈতদমৃতমভয়মেতদ্ ব্রহ্মেতি। স হ শান্তহৃদয়ঃ প্রবব্রাজ স হ অপ্রাপ্যৈব দেবানেতদ্ভয়ং দর্দশ নাহ খল্বয়মেবং সম্প্রত্যাত্মানং জানাত্যয়-মহমস্মীতি নো এবেমানি ভূতানি বিনাশমেবাপীতো ভবতি নাহমত্র ভোগ্যং পশ্যামীতি ॥ ১
অন্বয় : তৎ [এতৎ] (সেই এই) যত্র (যখন) এতৎ সুপ্তঃ সমস্তঃ সম্প্রসন্নঃ স্বপ্নম্ নৈ বিজানাতি (৮।৬।৩), এষঃ আত্মা ইতি হ উবাচ—এতৎ অমৃতম্, অভয়ম্, এতৎ ব্রহ্ম ইতি। সঃ শান্তহৃদয়ঃ প্রব্রাজ। সঃ হ অপ্রাপ্য এব দেবান্ এতৎ ভয়ম্ দদশ (৮।৯।১)—নাহ (না+হ=নিশ্চয়ই নয়; কিংবা ন+অহ; ন=না, অহ=নিশ্চয়ই) খলু অয়ম্ (ইহা) এবম্ (এই প্রকার) সম্প্রতি (এই সময়ে) আত্মানম্ (আপনাকে) জানাতি (জানে)— অয়ম্ (ইহা) অহম্ (আমি) অস্মি (হই) ইতি নো (ন+উ=না) এব ইমানি ভূতানি (এই সর্বভূতকেও) বিনাশম্ এব (বিনাশকেই; কিংবা যেন বিনাশকে, এব=যেন) অপীতঃ (প্রাপ্ত) ভবতি। ন অহম্ অত্র ভোগ্যম্ পশ্যামি (২মঃ)।
সরলার্থ : প্রজাপতি বলিলেন-’এই যে প্রসুপ্ত জীব (নিদ্রিতাবস্থায়) একীভূত হন, প্রসন্নতা লাভ করেন এবং স্বপ্নদর্শন হইতেও বিরত হন, ইনিই আত্মা, ইনিই অমৃত ও অভয়, ইনিই ব্রহ্ম।’ ইন্দ্র তখন শান্তহৃদয়ে ফিরিয়া গেলেন। কিন্তু দেবগণের নিকট উপস্থিত হইবার পূর্বেই তাহার এই আশঙ্কা দেখা দিল—’এই সময়ে ইনি নিজেকে ‘ইহাই আমি’ এইভাবে জানিতে পারেন না, এবং ইনি এইসব প্রাণীদেরও জানিতে পারেন না। সেই সময়ে ইহার যেন বিনাশ হয়। এই উপদেশে আমি কল্যাণ দেখিতেছি না।’