ধ্যানং বাব চিত্তাদ্ভূয়ো ধ্যায়তীব পৃথিবী ধ্যায়তীবান্তরিক্ষং ধ্যায়তীব দ্যৌধায়ন্তীবাপো ধ্যায়ন্তীব পর্বতা ধ্যায়ন্তীব দেবমনুষ্যাস্তস্মাদ্য ইহ মনুষ্যাণাং মহত্তাং প্রাপ্পুবন্তি ধ্যানাপাদাংশা ইবৈব তে ভবন্ত্যথ যে অল্পাঃ কলহিনঃ পিশুনা উপবাদিনস্তেহথ যে প্রভবো ধ্যানাপাদাংশা ইবৈব তে ভবন্তি ধ্যানমুপাস্স্বেতি ॥ ১
অন্বয় : ধ্যানম্ বাব চিত্তাৎ (চিত্ত অপেক্ষা) ভূয়ঃ (শ্রেষ্ঠ)। ধ্যায়তি (ধ্যান করিতেছে) ইব (যেন) পৃথিবী, ধ্যায়তি ইব অন্তরিক্ষম্; ধ্যায়তি ইব দ্যৌঃ; ধ্যায়ন্তি (ধ্যান করিতেছে) ইব আপঃ (জল); ধ্যায়ন্তি ইব পর্বতাঃ, ধ্যায়ন্তি ইব দেবমনুষ্যাঃ। তস্মাৎ (সেইজন্য) যে (যাহারা) ইহ (এই পৃথিবীতে) মনুষ্যাণাম্ (মনুষ্যগণের মধ্যে মহত্তাম্ (মহত্তকে) প্রাবন্তি (লাভ করে) ধ্যানাপাদাংশাঃ (ধ্যান+আপাদ+ অংশা ধ্যানফলের অংশী, আপাদ ফল লাভ) ইব এব তে ভবন্তি (হয়)। অথ যে অল্পাঃ (ক্ষুদ্রচেতা) কলহিনঃ (কলহপ্রিয়) পিশুনাঃ (ক্রূর, খল) উপবাদিনঃ (কুৎসাপ্রিয় বা চাটুকার) তে (তাহারা; ইহার ক্রিয়া ‘ধ্যান ফলের অংশী হয়’ উহ্য)। অথ যে প্রভবঃ (প্রভু, শ্রেষ্ঠ) ধ্যানাপাদাংশাঃ ইব তে ভবন্তি। ধ্যানম্ উপাস্ত্ৰ ইতি।
সরলার্থ : ধ্যান চিত্ত অপেক্ষা শ্রেষ্ঠ। পৃথিবী যেন ধ্যান করিতেছে; অন্তরিক্ষ, স্বর্গলোক, জল ও পর্বত যেন ধ্যান করিতেছে; দেবতা এবং মনুষ্যগণ যেন ধ্যান নিরত। মানুষের মধ্যে যিনি মহত্ত্ব লাভ করেন, তিনি যেন ধ্যানফলের অংশ লাভ করেন। আর যাহারা ক্ষুদ্র, তাহারা কলহপ্রিয়, ক্রুর এবং কুৎসাপ্রিয়। যাঁহারা শ্রেষ্ঠ, তাঁহারা ধ্যানফলের অংশী হন। এই ধ্যানের উপাসনা কর।
মন্তব্য : ঋগ্বেদে (৭।১০৪।২০) এবং অথর্ববেদে ‘পিশুন’ শব্দের ব্যবহার আছে। সায়ণের অর্থ ‘কপট’; Whitmey and Lanman ইহার ‘treacherous ones’ অর্থ করিয়াছেন। এই উপনিষদের অনুবাদে মোক্ষমূলার ‘abusive’ শব্দ ব্যবহার করিয়াছেন। Vedic Index-এ এই শব্দের অর্থ traitor করা হইয়াছে। শঙ্করের মতে যাহারা পরের দোষ কীর্তন করে’।