স যঃ সংকল্পং ব্রহ্মেত্যুপাস্তে সংকৄপ্তান্ বৈ স লোকান্ ধুবান্ ধ্রুবঃ প্রতিষ্ঠিতান্ প্রতিষ্ঠিতোহ ব্যথমানানব্যথমানোহভিসিধ্যতি। যাবৎ সংকল্পস্য গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যঃ সংকল্পং ব্রহ্মেত্যু- পাস্তেঽস্তি ভগবঃ সংকল্পাদ্ভূয় ইতি সংকল্পাদ্বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ৩
অন্বয় : সঃ যঃ (২।১১।২ মন্তব্য) সংকল্পম্ ব্রহ্ম ইতি উপাস্তে সংকৄপ্তান্ লোকান্ বৈ সঃ লোকান্ ধুবান্ (ধ্রুবলোক সমূহকে) ধ্রুবঃ (স্বয়ং ধ্রুব হইয়া) প্রতিষ্ঠিতান্ (প্রতিষ্ঠিত লোকসমূহকে) প্রতিষ্ঠিতঃ (স্বয়ং প্রতিষ্ঠিত ‘হইয়া’) অব্যথমানান্ [লোকান্] (ব্যথারহিত লোকসমূহকে) অব্যথমানঃ (স্বয়ং ব্যথা রহিত ‘হইয়া’) অভিসিধ্যতি (প্রাপ্ত হন)। যাবৎ সংকল্পস্য গতম্, তত্র অস্য যথাকামচারঃ ভবতি, যঃ সংকল্পং ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ সংকল্পাৎ ভূয়ঃ ইতি। সংকল্পাৎ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫)।
সরলার্থ : যিনি সংকল্পকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তিনি যে সকল লোক সংকল্প করেন, সেই সকল লোক পান। নিজে ধ্রুব হইয়া ধ্রুবলোক লাভ করেন; নিজে সুপ্রতিষ্ঠিত হইয়া সুপ্রতিষ্ঠিত লোক পান এবং নিজে ব্যথাশূন্য হইয়া ব্যথারহিত লোক লাভ করেন। যিনি সংকল্পকে ব্ৰহ্ম বলিয়া উপাসনা করেন, সংকল্পের যত দূর গতি তত দূর তিনি ইচ্ছানুযায়ী যাইতে পারেন। (নারদ)——হে ভগবান, সংকল্প অপেক্ষা কি কিছু শ্রেষ্ঠ আছে?’ (সনৎকুমার)—’সংকল্প অপেক্ষাও শ্রেষ্ঠ বস্তু অবশ্যই আছে।’ (নারদ)— ‘আপনি তাহা আমাকে বলুন।’