স এবাধস্তাৎ স উপরিষ্টাৎ স পশ্চাৎ স পুরস্তাৎ স দক্ষিণতঃ স উত্তরতঃ স এবেদং সর্বমিতি। অথাতোহহঙ্কারাদেশ এবাহমেবাধস্তাদহমু পরিষ্টাদহং পশ্চাদহং পুরস্তাদহং দক্ষিণতোহহমুত্তর- তোহহমেবেদং সর্বমিতি ॥ ১
অন্বয় : সঃ (সেই ভূমা) এর অধস্তাৎ (আধোদেশে) সঃ উপরিষ্টাৎ (ঊর্ধ্বদেশে সঃ পশ্চাৎ (পশ্চাৎভাগে) সঃ পুরস্তাৎ (পুরোভাগে), সঃ দক্ষিণতঃ (দক্ষিণদিকে), সঃ উত্তরতঃ (বামদিকে)—স এব ইদম্ সর্বম্ (এই সমুদয়) ইতি। অথ+অতঃ (এখন, তাহার পর) অহম্+কার+আদেশঃ (‘অহম্’ এই দৃষ্টিতে উপদেশ; অহম্=আমি, অহঙ্কার=‘আমি’ এই ভাব) এব—অহম্ এব অধস্তাৎ, অহম্ উপরিষ্টাৎ, অহম্ পশ্চাৎ, অহম্ পুরস্তাৎ, অহম্ দক্ষিণতঃ অহম্ উত্তরতঃ—অহম্ এব ইদং সর্বম্ ইতি।
সরলার্থ : সেই ভূমাই নিম্নে, তিনিই ঊর্ধ্বে, তিনিই পশ্চাতে, তিনিই সম্মুখে, তিনিই দক্ষিণে, তিনিই বামে—তিনিই এই সমস্ত কিছু। এখন ‘অহম্’ দৃষ্টিতে উপদেশ—আমিই অধোভাগে, আমিই ঊর্ধ্বে, আমিই পশ্চাতে, আমিই সম্মুখে, আমিই দক্ষিণে, আমিই বামে—আমিই এই সমস্ত।
মন্তব্য : পশ্চাৎ=দেহের পশ্চাৎভাগে; পৃথিবীর পশ্চিমদিকে। পুরস্তাৎ=দেে পুরোভাগে; পৃথিবীর পূর্বদিকে। দক্ষিণতঃ=দেহের দক্ষিণভাগে; পৃথিবীর দক্ষিণদিকে। উত্তরতঃ=দেহের বামভাগে; পৃথিবীর উত্তরদিকে। সম্ভবতঃ প্রথম অর্থই মৌলিক। সূর্যোদয়ের সময়ে সূর্যকে পুরোভাগে করিয়া দাঁড়াইলে যাহা সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম হয়, তাহাই যথাক্রমে পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও উত্তর দিক্ বলিয়া পরিচিত হইয়াছে। ব্যাখ্যাকারগণ কেহ প্রথম অর্থ কেহ বা দ্বিতীয় অর্থ গ্রহণ করিয়াছেন।