যত্র নান্যৎ পশ্যতি নান্যস্থূণোতি নান্যদ্ বিজানাতি স ভূমাহথ যত্রান্যৎ পশ্যত্যন্যস্থূণোত্যন্যদ্বিজানাতি তদন্সং যো বৈ ভূমা তদমৃতমথ যদল্পং তন্মর্ত্যং স ভগবঃ কম্ িপ্রতিষ্ঠিত ইতি স্বে মহিমি যদি বা ন মহিম্নীতি ॥ ১
অন্বয় : যত্র (যে স্থলে) ন (না) অন্যৎ (অন্যবস্তুকে) পশ্যতি (দেখে), ন অন্যৎ শৃণোতি (শ্রবণ করে), ন অন্যৎ বিজানাতি (বিশেষরূপে জানে) সঃ ভূমা (মহান)। অথ (আর) যত্র অন্যত্র পশ্যতি, অন্যৎ শৃণোতি, অন্যৎ বিজানাতি, তৎ অল্পম্। যঃ (যাহা) বৈ ভূমা, তৎ (তাহা) অমৃতম্; অথ যৎ অল্পম্, তৎ মর্ত্যম্ (মরণশীল)। সঃ (সেই ভূমা) ভগবঃ! কস্মিন্ প্রতিষ্ঠিতঃ? ইতি। স্বে মহিমি (নিজের মহিমাতে) যদি বা (অথবা) ন মহিম্নি ইতি।
সরলার্থ : যাহাতে অন্য কিছু দেখা যায় না, অন্য কিছু শোনা যায় না, অন্য কিছু জানা যায় না, তাহাই ভূমা। আর যাহাতে অন্য কিছু দেখা যায়, শোনা যায়, জানা যায়—তাহাই অল্প। যাহা ভূমা তাহাই অমৃত, আর যাহা অল্প তাহাই মরণশীল। নারদ জিজ্ঞাসা করিলেন—’ভগবান, সেই ভূমা কিসে প্রতিষ্ঠিত?’ সনৎকুমার বলিলেন— ‘(তিনি) স্বমহিমায় প্রতিষ্ঠিত, অথবা কোনরূপ মহিমায় প্রতিষ্ঠিত নন।’
মন্তব্য : ভূমা নিজেই নিজেতে প্রতিষ্ঠিত, এই অর্থে বলা হইয়াছে তিনি স্বীয় মহিমাতে প্রতিষ্ঠিত। ইহা শুনিয়া হয়ত নারদ মনে করিতে পারিতেন ‘ভূমারও আশ্রয় আবশ্যক’ এবং ইহাও হয়ত মনে হইত যে, ‘ভূমা ও ভূমার মহিমা আলাদা এবং ইহাদিগের মধ্যে এক অপরে প্রতিষ্ঠিত’। এই প্রকার সন্দেহ দূর করিবার জন্য সনৎকুমার বলিলেন—‘ভূমা নিজ মহিমাতেও প্রতিষ্ঠিত নহেন’ অর্থাৎ তাঁহার আশ্রয় আবশ্যক হয় না, তিনি প্রতিষ্ঠাবিহীন, তিনি নিরালম্ব।