স যো নাম ব্রহ্মেত্যুপাস্তে যাবন্নাম্নো গতং তত্রাস্য যথাকামচারো ভবতি য়ো নাম ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগবো নাম্নো ভুয় ইতি নামো বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ৫
অন্বয় : সঃ যঃ (সেই যে কোন ব্যক্তি) নাম (নামকে) ব্রহ্ম ইতি উপাস্তে (উপাসনা করে) যাবৎ (যে পর্যন্ত) নাম্নঃ (নামের) গতম্ (গতি), তত্র (সেই নাম বিষয়ে) অস্য (ইহার) যথাকামচারঃ (স্বেচ্ছাচরণ) ভবতি (হয়) যঃ (যিনি) নাম ব্রহ্ম ইতি উপাস্তে (দ্বিরুক্তি)। অস্তি (আছে) ভগবঃ নাম্নঃ (নাম অপেক্ষা) ভূয়ঃ (অধিক, শ্রেষ্ঠ)? ইতি। নাম্নঃ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ (তাহা) মে (আমাকে) ভগবান্ ব্রবীতু (বলুন) ইতি।
সরলার্থ : যিনি নামকে ব্রহ্মরূপে উপাসনা করেন—নামের গতি যতদূর, ততদূর তিনি ইচ্ছানুযায়ী যাইতে পারেন। নারদ জিজ্ঞাসা করিলেন, “ভগবান্, নাম অপেক্ষা কি শ্রেষ্ঠ কিছু আছে?’ সনৎকুমার বলিলেন—’নাম অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু নিশ্চয়ই আছে।’ নারদ বলিলেন, “আপনি তাহা আমাকে বলুন।’
মন্তব্য : যথাকামচারঃশঙ্কর বলেন : ‘নিজ রাজ্যে রাজার যেমন কামচরণ অর্থাৎ স্বাধীনতা, সেই প্রকার।’ Monier Williams-এর মতে ‘Actions according to pleasure or without control.’