প্ৰাণো হোবৈতানি সর্বাণি ভবতি স বা এষ এবং পশ্যন্নেবং মন্বান এবং বিজানন্নতিবাদী ভবতি তং চেদ্ ব্রুয়ুরতিবাদ্যসীত্যতিবাদ্যস্মীতি ব্রুয়ান্নাপহ্নুবীত ॥ ৪
অন্বয় : প্রাণঃ হি এব এতানি সর্বাণি ভবতি (এই সমুদয় হয়)। সঃ বৈ এষঃ (সেই প্রাণবিৎ ব্যক্তি) এবম্ (এই প্রকার) পশ্যন্ (দেখিয়া) এবম্ মন্থানঃ (মনন করিয়া) এবম্ বিজানন্ (জানিয়া) অতিবাদী ভবতি (হন)। তম্ (তাহাকে) চেৎ (যদি) ব্রুয়ুঃ (কেহ বলে) অতিবাদী অসি (হও) অতিবাদী অমি (হই) ইতি ব্লুয়াৎ (বলিবে)। ন অপহ্নুবীত (অস্বীকার করিবে না; গোপন করিবে না)।
সরলার্থ : প্রাণই এই সব কিছু হইয়াছে। যিনি এই ভাবে দেখেন, মনন করেন এবং এই রকমই জ্ঞান লাভ করেন, তিনি ‘অতিবাদী’ হন। যদি কেহ তাঁহাকে বলে ‘তুমি অতিবাদী’, তিনি অস্বীকার না করিয়া বলিবেন, ‘হাঁ, আমি অতিবাদী’।
মন্তব্য : ‘নামই ব্ৰহ্ম’ হইতে আরম্ভ করিয়া ‘আশাই ব্রহ্ম’ এই পর্যন্ত যে তত্ত্ব বলা হইয়াছে, তাহা অনেকে জানেন। কিন্তু ‘প্রাণই ব্রহ্ম’ এই জ্ঞান পূর্বোক্ত সত্য অপেক্ষা শ্রেষ্ঠ। যিনি ইহা জানেন, তিনি পূর্ব পূর্ব সত্যকে অতিক্রম করিয়া নূতন তত্ত্ব লাভ করিয়াছেন। তিনি কিছু অতিরিক্ত জানেন এবং অতিরিক্ত বলেন তাঁহার নাম ‘অতিবাদী’। অতি—অধিক; বাদী—বক্তা। অতিবাদী—অধিক তত্ত্বের বক্তা। ‘মৈত্রায়ণ’ উপনিষদে (৪।৫) ‘অতিবাদী’ শব্দের উল্লেখ আছে (সম্ভবত অর্থ একই)। ‘অতিবাদী ‘ শব্দের একটা অর্থ ‘যে বেশী কথা বলে’। নিন্দাচ্ছলে অনেক জায়গায় এই শব্দ ব্যবহৃত হইত। মুণ্ডকোপনিষদে (৩।১।৪) এই শব্দের ব্যবহার আছে।