অথ যদ্যপ্যেনানুৎক্রান্তপ্রাণাঞ্ছলেন সমাসং ব্যতিষন্দহেন্নৈবৈনং ব্রুয়ুঃ পিতৃহাসীতি ন মাতৃহাসীতি ন ভ্রাতৃহাসীতি ন স্বগৃহাসীতি নাচার্যহাসীতি ন ব্রাহ্মণহাসীতি ॥ ৩
অন্বয় : অথ+অপি এনান্ (ইহাদিগকে) উৎক্রান্তপ্রাণান্ (মৃতদেহকে; যাহাদিগের প্রাণ উৎক্রমণ করিয়াছে তাহাদিগকে) শূলেন (শূল দ্বারা) সমাসম্ (একত্র করিয়া) ব্যতিষম্ (বৈদিক প্রয়োগ, খণ্ড খণ্ড করিয়া) দহেৎ (দগ্ধ করে), ন এব এনম্ (ইহাকে) ব্রুয়ুঃ (বলিয়া থাকে)—পিতৃহা অসি ইতি ন (না, ইহা বলিবে না) মাতৃহা অসি ইতি ন; ভ্রাতৃহা অসি ইতি ন; স্বস্হা অসি ইতি ন; আচার্যহা অসি ইতি ন, ন ব্রাহ্মণহা অসি ইতি।
সরলার্থ : কিন্তু ইহারা বিগতপ্রাণ হইলে যদি কেহ শূলদ্বারা (দেহের অবয়ব- সমূহকে) একত্র করিয়া, বা খণ্ড খণ্ড করিয়া দগ্ধ করে, তাহা হইলেও কেহ বলে না— ‘তুমি পিতৃহন্তা, তুমি মাতৃহন্তা, তুমি ভ্রাতৃহন্তা, তুমি ভগিনীহন্তা, তুমি আচার্যহন্তা, তুমি ব্রাহ্মণহন্তা।’
মন্তব্য : শব দাহ করিবার সময় বর্তমান সময়েও অনেক স্থানে কাঁচা বাঁশ দ্বারা বা কাঁচা কাঠ দ্বারা দেহকে উলট পালট করিয়া দেওয়া হয়, অনেক সময়ে ইহার দ্বারা দেহকে বিদ্ধ করিয়া ছিন্ন ভিন্ন করা হয়। এই কার্যের জন্য এখানে শূলের ব্যবহারের কথা বলা হইয়াছে।