প্রাণো বা আশায়া ভূয়ান্ যথা বা অরা নাভৌ সমর্পিতা এবমস্মিন্ প্রাণে সর্বং সমর্পিতং প্রাণঃ প্রাণেন যাতি প্ৰাণঃ প্রাণং দদাতি প্ৰাণায় দদাতি প্ৰাণো হ পিতা প্রাণো মাতা প্রাণো ভ্রাতা প্রাণঃ স্বসা প্রাণ আচার্যঃ প্রাণো ব্রাহ্মণঃ ॥ ১
অন্বয় : প্ৰাণঃ বৈ আশায়াঃ (আশা অপেক্ষা) ভূয়ান্ (শ্রেষ্ঠ)। যথা (যেমন) বৈ অরাঃ (অরসমূহ; অর—চাকার কেন্দ্র হইতে পরিধি পর্যন্ত বিস্তৃত শলাকা) নাভৌ (চাকার নাভিতে; নাভি—কেন্দ্রস্থিত কাষ্ঠ, এই কাষ্ঠে করসমূহের এক দিক্ প্ৰবিষ্ট হইয়া থাকে); সমর্পিতাঃ (নিহিত হইয়া থাকে)—এবম্ (এই প্রকার) অস্মিন্ প্রাণে (এই প্রাণে)) সর্বম্ (সমুদয়) সমর্পিতম্ (নিহিত)। প্রাণঃ প্রাণেণ (প্রাণদ্বারা; স্বশক্তি দ্বারা) যাতি (যায়, স্বীয় কার্য করে), প্রাণঃ প্রাণম্ দদাতি (দান করে), প্রাণায় (প্রাণকে, প্রাণের উদ্দেশ্যে) দদাতি। প্রাণঃ হ পিতা, প্রাণঃ মাতা, প্রাণঃ ভ্রাতা, প্রাণঃ স্বসা (ভগিনী) প্রাণঃ আচার্যঃ, প্ৰাণঃ ব্রাহ্মণঃ।
সরলার্থ : প্রাণ আশা অপেক্ষা শ্রেষ্ঠ। (রথের চাকার) অরসমূহ যেমন (রথের) নাভিতে প্রবিষ্ট থাকে, তেমনি সমস্তই এই প্রাণে প্রতিষ্ঠিত আছে। প্রাণদ্বারাই প্রাণ কাজ করে, প্রাণই প্রাণকে এবং প্রাণের উদ্দেশ্যে দান করে। প্রাণই পিতা, প্রাণই মাতা, প্রাণই ভ্রাতা, প্রাণই ভগ্নী, প্রাণই আচার্য এবং প্রাণই ব্ৰাহ্মণ।