স য আকাশং ব্রহ্মেত্যুপাস্ত আকাশবতো বৈ স লোকান্ প্রকাশবতোহ- সংবাধানুরুগায়বতোহভিসিধ্যতি যাবদাকাশস্য গতং তত্রাস্য যথাকামচারো ভবতি য আকাশং ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগব আকাশায় ইত্যাকাশাদ্বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ আকাশম্ ব্রহ্ম ইতি উপাস্তে, আকাশবতঃ [লোকান্] (আকাশবান্ অর্থাৎ বিস্তারযুক্ত লোকসমূহকে) সঃ লোকান্ প্রকাশবতঃ (প্রকাশবান অর্থাৎ উজ্জ্বল লোকসমূহকে) অসংবাধা [লোকান্] (বাধারহিত লোকসমূহকে) উরুগায়বতঃ [লোকান্] (বিস্তীর্ণ) অভিসিধ্যতি (প্রাপ্ত হয়)। যাবৎ আকাশস্য (আকাশের) গতম্, তত্র অস্য যথাকামচারঃ ভবতি—যঃ আকাশম্ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ আকাশাৎ (আকাশ অপেক্ষা) ভূয়ঃ? ইতি। আকাশাৎ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি। (৭।১।৫ মন্ত্র দ্রঃ)।
সরলার্থ : যিনি আকাশকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তিনি জ্যোতির্ময়, বাধাহীন এবং সুবিস্তীর্ণ লোকসমূহ লাভ করেন। যিনি আকাশকে ব্রহ্মরূপে উপাসনা করেন, আকাশের গতি যত দূর তত দূর তাঁহার স্বাধীন বিচরণ হইয়া থাকে। (নারদ)— ‘আকাশ অপেক্ষা কি শ্রেষ্ঠ কিছু আছে?’ (সনৎকুমার)—‘আকাশ অপেক্ষাও শ্রেষ্ঠ বস্তু আছে।’ (নারদ)—‘আপনি তাহা আমাকে বলুন’।
মন্তব্য : ‘অসংবাধান্,—‘সম্বাধ’ শব্দের দুই অর্থ : (ক) পরস্পরের পীড়া উৎপাদন, (খ) সংকীর্ণ স্থান। স্থান সংকীর্ণ হইলেই পরস্পর পরস্পরকে বাধা দিতে পারে এবং পরস্পরের পীড়া উৎপাদন করিতে পারে। সুতরাং অর্থ বিভিন্ন হইলেও উভয়ের ভাবার্থ একই। উরুগায়বতঃ ইত্যাদি—যাস্ক ঋগ্বেদের ব্যাখ্যায় বলিয়াছেন, উরু অর্থ বিস্তীর্ণ; উরুগায়—বিস্তীর্ণ পাদবিক্ষেপ। ‘গায়’—’গা’ ধাতু হইতে, এই ধাতুর অর্থ ‘গতি’। উরুগায়বৎ—যে স্থলে বিস্তীর্ণ পাদবিক্ষেপ করা যায়।