অথ যত্রৈতৎ পুরুষঃ পিপাসতি নাম তেজ এব তৎ পীতং নয়তে তদ্যথা গোনায়োহশ্বনায়ঃ পুরুষনায় ইত্যেবং তত্তেজ আচষ্ট উদন্যেতি তত্রৈতদেব শুঙ্গমুৎপতিতং সোম্য বিজানীহি নেদমমূলং ভবিষ্যতীতি ॥ ৫
অন্বয় : অথ (তাহার পর) যত্র (যখন) এতৎ পুরুষঃ পিপাসতি (তৃষ্ণার্ত হয়) নাম তেজঃ এব (তেজই) তৎপীতম্ (সেই পীত জলকে) নয়তে (লইয়া যায়, নেতা হয়) তৎ যথা (যেমন) গোনায়ঃ (গো-নেতা) অশ্বনায়ঃ (অশ্ব-নেতা) পুরুষনায়ঃ (পুরুষনেতা) ইতি — এবম্ (এই প্রকার) তৎ তেজঃ (সেই তেজকে) আচষ্টে (বলা হয়) উদন্যা (উদক-নেতা) ইতি। তত্র (সেই বিষয়ে, সেইরূপে) এতৎ এব শুঙ্গম্ উৎপতিতম্ সোম্য, বিজানীহি ন ইদম্ অমূলম্ ভবিষ্যতি ইতি।
সরলার্থ : যখন পুরুষ তৃষ্ণার্ত হয়, তখন তেজই পীত জলের নেতা হয় অর্থাৎ জলকে লইয়া যায়। যেমন (গো-নেতাকে) ‘গো-নায়’, (অশ্ব-নেতাকে) ‘অশ্ব-নায়’, (পুরুষনেতাকে) ‘পুরুষনায়’ বলা হয়; তেমনি জলের নেতারূপী সেই তেজকে ‘উদন্যা’ বলা হয়। এইভাবে এই দেহরূপ অঙ্কুর উৎপন্ন হয়। হে সৌম্য, জানিও, ইহা মূলবিহীন নহে।
মন্তব্য : ‘যত্র এতৎ পুরুষঃ পিপাসতি নাম’— এই অংশের দুই প্রকার অন্বয় হইতে পারে—(ক) যত্র এতৎ পুরুষঃ পিপাসতি নাম—যখন এই পুরুষ পিপাসিত হয়, ‘নাম’ বাক্যালঙ্কারে। (খ) পুরুষঃ পিপাসতি এতৎ নাম—যখন পুরুষ ‘পিপাসতি’ (পিপাসিত হয়) এই নামযুক্ত হয়।