উদ্দালকো হারুণিঃ শ্বেতকেতুং পুত্রমুবাচ স্বপ্নান্তং মে সোম্য বিজানীহীতি যত্রৈতৎ পুরুষঃ স্বপিতি নাম সতা সোম্য তদা সম্পন্নো ভবতি স্বমপীতো ভবতি তস্মাদেনং স্বপিতীত্যাচক্ষতে স্বং হ্যপীতো ভবতি ॥ ১
অন্বয় : উদ্দালকঃ হ আরুণিঃ (অরুণের পুত্র উদ্দালক) শ্বেতকেতুম্ পুত্রম্ উবাচ— স্বপ্নান্তম্ (সুষুপ্তি-তত্ত্বকে) মে (আমার নিকট) সোম্য, বিজানীহি (অবগত হও) ইতি— যত্র (যে সময়ে) এতৎ পুরুষঃ (এই পুরুষ) স্বপিতি (সুষুপ্ত হয়) নাম (বাক্যালঙ্কারে) সতা (সৎস্বরূপ দ্বারা) সোম্য, তদা (সেই সময়ে) সম্পন্নঃ (সম্মিলিত) ভবতি (হয়), স্বম্ (আপনাকে; আত্মস্বরূপকে) অপীতঃ (প্রাপ্ত) ভবতি। তস্মাৎ (সেইজন্য) এনম্ (ইহাকে স্বপিতি ইতি আচক্ষতে (ইহা বলা হয়); স্বম্ হি অপীতঃ ভবতি।
সরলার্থ : উদ্দালক আরুণি পুত্র শ্বেতকেতুকে বলিলেন— সৌম্য, আমার নিকট সুষুপ্তিতত্ত্ব শোন। যখন পুরুষ নিদ্রিত হয়, তখন সে সৎস্বরূপের সহিত মিলিত হয়। সেই সময়ে সে স্বীয় রূপ (স্বম্ রূপম্) পায় (অপীতঃ)। এই জন্য লোকে ইঁহাকে বলে ‘সুষুপ্তি’ (স্বপতি—নিদ্রা যাইতেছে) — কারণ তখন সে স্ব-রূপ পায়।
মন্তব্য : (ক) ‘যত্র এতৎ পুরুষঃ’ ইত্যাদি— এই অংশের দুই প্রকার অন্বয় হইতে পারে। (১) যত্র এতৎ পুরুষঃ স্বপিতি নাম— যখন এই পুরুষ সুষুপ্ত হয়। নাম—বাক্যালঙ্কারে। (২) যত্র পুরুষঃ স্বপিতি এতৎ নাম— যখন পুরুষ ‘স্বপিতি’ এই নাম যুক্ত হয়।
(খ) ‘স্বপিত্তি’ এবং ‘স্বম্ অপীতঃ’ এই দুইটিকে একার্থসূচক বলা হইয়াছে। কিন্তু ইহাদিগের ধাত্বর্থ এক নহে। উচ্চারণে কিছু সাদৃশ্য আছে বলিয়া ঋষি বলিতেছেন — যে ব্যক্তির বিষয়ে বলা যায় ‘স্বপিতি” (নিদ্রা যাইতেছে) তাহার বিষয়েই বলা যাইতে পারে ‘স্বম্ অপীত’ (অর্থাৎ সে স্বরূপ প্রাপ্ত হইয়াছে)।