তদৈক্ষত বহু, স্যাং প্রজায়েয়েতি তত্তেজোহসৃজত। তত্তেজ ঐক্ষত বহু স্যাং প্রজায়েয়েতি। তদপোহসৃজত। তস্মাদ্ যত্র ক্ব চ শোচতি স্বেদতে বা পুরুষস্তেজস এব তদধ্যাপো জায়ন্তে ॥ ৩
অন্বয় : তৎ (সেই সৎ) ঐক্ষত (সঙ্কল্প করিয়াছিল)— বহু স্যাম্ (বহু হই) প্ৰজায়েয় (উৎপন্ন হই) ইতি। তৎ (সেই সৎ) তেজঃ অসৃজত (সৃষ্টি করিল)। তৎ (সেই) তেজঃ ঐক্ষত বহু স্যাম্ প্রজায়েয় ইতি তৎ অপঃ (জলকে) অসৃজত। তস্মাৎ (সেই জন্য) যত্র ক্ব চ (যে কোন স্থানে) শোচতি (শোক করে স্বেদতে বা (ঘর্মাক্ত হয়) পুরুষঃ তেজসঃ এব (তেজ হইতেই) তৎ (সেই স্থলে) অধি আপঃ (জল) জায়ন্তে (উৎপন্ন হয়)।
সরলার্থ : সেই সৎ— স্বরূপ আলোচনা করিলেন (বা সঙ্কল্প করিলেন)— “আমি বহু হই, আমি জন্মগ্রহণ করি।’ তারপর তিনি তেজ সৃষ্টি করিলেন। সেই তেজও সঙ্কল্প করিল, ‘আমি বহু হই, আমি জন্মগ্রহণ করি।’ সেই তেজ জল সৃষ্টি করিল। তাই পুরুষ যখন যেখানে শোকার্ত বা ঘর্মাক্ত হয়, সেখানেই তেজ হইতে জল উৎপন্ন হয়।