যথা সোম্যৈকেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্যাদ্বাচারম্ভণং বিকারো নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যম্ ॥ ৪
অন্বয় : যথা (যেমন) সোম্য! একেন মৃৎপিণ্ডেন (একটি মৃৎপিণ্ড দ্বারা) সর্বশ্ মৃন্ময়ম্ (সমুদয় মৃন্ময় বস্তু) বিজ্ঞাতম্ স্যাৎ (বিজ্ঞাত হয়); বাচা + আরম্ভণম্ (বাক্যসমূহের অবলম্বন) বিকারঃ (মৃন্ময় বস্তুরূপ বিকার) নামধেয়ম্ (নামমাত্র); মৃত্তিকা ইতি এব সত্যম্
সরলার্থ : পিতা বলিলেন, ‘হে সৌম্য, একটি মৃৎপিণ্ড জানিলেই সমস্ত মৃন্ময় বস্তু জানা যায়; বিকার বাক্যের অবলম্বন মাত্র, কেবল একটি নাম। মৃত্তিকাই সত্য (অর্থাৎ মৃন্ময় বস্তু মৃত্তিকারই বিকার; কিন্তু এই বিকার আর কিছুই নহে, ইহা কেবল শব্দাত্মক)। [ভাষায় বলিতে হয়, এইটা ঘট, এইটা সরা, কিন্তু ভাষা দ্বারা পার্থক্য না করিলে সবই মৃত্তিকা হইয়া যায়; সুতরাং মৃত্তিকাই সত্য।