পুরুষং সোম্যেত হস্তগৃহীতমানয়ন্ত্যপহার্ষীৎ স্তেয়মকার্ষীৎ পরশুমমৈ তপতেতি। স যদি তস্য কর্তা ভবতি তত এবানৃতমাত্মানং কুরুতে, সোইনৃতাভিসন্ধোহনৃতেনাত্মানমন্তর্ধায় পরশুং তপ্তং প্রতিগৃহ্নাতি স দহ্যতেহথ হন্যতে ॥ ১
অন্বয় : পুরুষম্ (কোন পুরুষকে) সোম্য, উত হস্তগৃহীতম্ [পুরুষম্] (যাহার হাত ধরা হইয়াছে বা বাঁধা হইয়াছে, তাহাকে) আনয়ন্তি (আনয়ন করে), অপহার্ষীৎ (বৈদিক প্রয়োগ; অপহরণ করিয়াছে) স্তেয়ম্ (চৌর্য) অকার্ষীৎ (করিয়াছে); পরশুম্ অস্মৈ (ইহার জন্য) তপত (উত্তপ্ত কর) ইতি। সঃ (সে) যদি তস্য (ইহার, চৌর্যের) কর্তা ভবতি (হয়), ততঃ (তাহা হইলে) এব (নিশ্চয়ই) অনৃতম্ (অসত্য) আত্মানম্ (আপনাকে) কুরুতে (করে); নঃ অনৃতাভিসন্ধঃ (অসত্যমনা; অভিসন্ধা—বাক্য, প্রতিজ্ঞা,অভিসন্ধি) অনৃতেন (অসত্য দ্বারা) আত্মানম্ (আপনাকে) অন্তর্ধায় (আচ্ছাদন করিয়া) পরশুম্ তপ্তম্ (উত্তপ্ত কুঠারকে) প্রতিগৃহাতি (গ্রহণ করে), সঃ দহ্যতে (দগ্ধ হয়), অথ (অনন্তর হন্যতে (হত হয়)।
সরলার্থ : হে সোম্য, যদি কোন ব্যক্তির হাত বাধিয়া আনা হয় এবং বলা হয় ‘এ ব্যক্তি অপহরণ করিয়াছে চুরি করিয়াছে ইহার জন্য কুঠার উত্তপ্ত কর’— সে যদি চুরি করিয়া থাকে তাহা হইলে সে নিজের বিষয়ে সত্য গোপন করিবে। তারপর সেই অসত্যমনা ব্যক্তি নিজেকে মিথ্যায় আবৃত করিয়া তপ্ত কুঠার গ্রহণ করিবে এবং দগ্ধ হইয়া শেষে নিহত হইবে।