অঙ্গাস্যান্তাদাচামেতি কথমিতি লবণমিতি মধ্যাদাচামেতি কথমিতি লবণমিত্যন্তাদাচামেতি কথমিতি লবণমিত্যভিপ্রাস্যৈতদথ মোপসীদথা ইতি তদ্ধ তথা চকার তচ্ছশ্বৎ সংবর্ততে তং হোবাচাত্র বাব কিল সৎ সোম্য ন নিভালয়সেহত্রৈব কিলেতি ॥ ২
অন্বয় : অঙ্গ (হে বৎস) অস্য (ইহার) অন্তাৎ (অন্তভাগ হইতে; উপরিভাগ হইতে) আচাম (পান কর) ইতি। কথম্ (কি প্রকার)? ইতি। লবণম্ ইতি। মধ্যাৎ (মধ্যভাগ হইতে) আচাম ইতি। কথম্? ইতি। লবণম্ ইতি। অন্তাৎ (নিম্নভাগ হইতে) আচাম ইতি কথম্? ইতি। লবণম্ ইতি অভিপ্রাস্য (নিক্ষেপ করিয়া) এতৎ (ইহাকে) অথ মা (আমার নিকট) উপসীদথাঃ (বৈদিক প্রয়োগ; আসিও) ইতি। তত্ হ (তাহা কিংবা তদনন্তর) তথা (সেই প্রকার) চকার (করিল)। তৎ (তাহা, সেই লবণ) শশ্বৎ (নিত্যই) সংবর্ততে (বিদ্যমান রহিয়াছে), তম্ (তাহাকে) হ উবাচ (বলিলেন) অত্র (এখানে, এই দেহে) বাব কিল সৎ (বিদ্যমান থাকিলেও; কিংবা সৎস্বরূপকে) সোম্য, ন নিভালয়সে (দেখিতেছ) অত্র এব কিল ইতি।
সরলার্থ : উদ্দালক বলিলেন—’ইহার উপরের দিক হইতে জলপান কর। ‘ (শ্বেতকেতু জলপান করিলে পর পিতা (জিজ্ঞাসা করিলেন)—’কি রকম?” শ্বেতকেতু বলিল, ‘লবণাক্ত।’ উদ্দালক বলিলেন, ‘ইহার মাঝখান হইতে পান কর। ‘কি রকম?’ ‘লবণাক্ত’। ‘ইহার নীচের দিক হইতে পান কর।” ‘কি রকম?’ ‘লবণাক্ত’। ‘এই জল ফেলিয়া আমার কাছে এস।’ শ্বেতকেতু তাহাই করিল। উদ্দালক বলিলেন, ‘লবণ জলের সর্বত্রই রহিয়াছে। হে সৌম্য, (জলে সর্বদা বিদ্যমান লবণকে যেমন তুমি দেখিতে পাও নাই, তেমনি) এই দেহে সৎস্বরূপ আত্মা নিত্য বর্তমান আছেন, কিন্তু তুমি দেখিতে পাইতেছ না।’