লবণমেতদুদকেহবধায়াথ মা প্রাতরুপসীদথা ইতি স হ তথা চকার তং হোবাচ যদ্ধোষা লবণমুদকেহবাধা অঙ্গ তদাহরেতি তদ্ধাবমৃশ্য ন বিবেদ যথা বিলীনমেব ॥ ১
অন্বয় : লবণম্ এতৎ (এই লবণকে) উদকে (জলে) অবধায় (নিক্ষেপ করিয়া) অথ মা (আমার নিকট) প্রাতঃ উপসীদথাঃ (বৈদিক প্রয়োগ; উপসীদ কিংবা উপসীদেঃ আসিও) ইতি। সঃ (শ্বেতকেতু) হ তথা (সেই প্রকার) চকার (করিল)। তম্ (তাহাকে) হ উবাচ (বলিলেন)—যৎ [লবণম্] (যে লবণকে) দোষা (রাত্রিতে) লবনম্ উদকে অবাধাঃ (নিক্ষেপ করিয়াছিলে) অঙ্গ (হে পুত্র) তৎ (তাহা) আহর (আনয়ন কর) ইতি। তৎ (তাহাকে) হ অবমৃশ্য (অনুসন্ধান করিয়া) ন (না) বিবেদ (প্রাপ্ত হইল; ‘অবগত হইল’) যথা (যেহেতু) বিলীনম্ এব (বিলীনই হইয়াছিল)।
সরলার্থ : উদ্দালক বলিলেন—’এই লবণখণ্ড জলে রাখিয়া পরদিন সকালে আমার নিকট আসিবে।’ শ্বেতকেতু তাহাই করিল। উদ্দালক তাহাকে বলিলেন, ‘রাত্রিতে জলে যে লবণ রাখিয়াছিলে, তাহা আন।’ শ্বেতকেতু লবণ খুঁজিয়া পাইল না, কারণ তাহা জলে বিলীন হইয়া গিয়াছিল।