এবমেব খলু সোম্য বিদ্ধীতি হোবাচ জীবাপেতং বাব কিলেদং ম্রিয়তে ন জীবো ম্রিয়ত ইতি স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ ॥ ৩
অন্বয় : এবম্ এব (এই প্রকারই) খলু সোম্য, বিদ্ধি (জানিও) ইতি উবাচ (বলিয়াছিলেন)— জীব অপেতম্ (জীব কর্তৃক পরিত্যক্ত হইয়া; অপেত— চলিয়া যাওয়া) বাব কিল ইদম্ (এই দেহ) ম্রিয়তে (মৃত হয়); ন (না) জীবঃ ম্রিয়তে ইতি। সঃ যঃ এষঃ — ইত্যাদি পূর্ববৎ (৬।৮। ৭ মঃ দ্রঃ)।
সরলার্থ : পিতা বলিলেন, “হে সৌম্য, এইকথা জানিও — জীব কর্তৃক পরিত্যক্ত হইলে এই দেহ মরিয়া যায়, কিন্তু জীব মরে না। এই যে সূক্ষ্মতম বস্তু ইহাই সমস্ত জগতের আত্মা। তিনিই সত্য তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি।’ শ্বেতকেতু বলিল— ‘আবার আমাকে উপদেশ দিন।’ পিতা বলিলেন, ‘তাহাই হউক।’