শ্বেতকেতুহারুণেয়ঃ পঞ্চালানাং সমিতিমেয়ায় তং হ প্ৰবাহণো জৈবলিরুবাচ কুমারানু ত্বাশিষৎ পিতেত্যনু হি ভগব ইতি ॥ ১
অন্বয় : শ্বেতকেতুঃ হ আরুণেয়ঃ (আরুণির পুত্র; আরুণি—অরুণের পুত্র) পঞ্চালানাম্ (পঞ্চালজাতির কিংবা পঞ্চাল দেশসমূহের) সমিতিম্ (সভাতে) এয়ায় (গমন করিয়াছিল)। তম্ (তাহাকে) হ প্রবাহণঃ জৈবলিঃ (জীবলের পুত্র প্রবাহণ) উবাচ (বলিয়াছিল) — কুমার! অনু [অশিষৎ] ত্বা (তোমাকে) অশিষৎ (শিক্ষা দিয়াছেন) পিতা ইতি। অনু [অশিষৎ] (অনুশাসন করিয়াছেন) হি (নিশ্চয়ই) ভগবঃ (প্রাচীন প্ৰয়োগ, ভগবন্)।
সরলার্থ : একদিন শ্বেতকেতু আরুণেয় পঞ্চালসভাতে গেল। (সেখানে) প্রবাহণ জৈবলি তাহাকে জিজ্ঞাসা করিল— ‘কুমার, (তোমার) পিতা কি তোমাকে উপদেশ দিয়েছেন?’ শ্বেতকেতু বলিল— ‘ভগবান, তিনি দিয়াছেন।’
মন্তব্য : (ক) কুমার—কম্ + আরণ; কম্ ইচ্ছা করা, প্রীতি করা, কমনীয় বলিয়া ইহার নাম কুমার। কেহ বলেন ইহার অর্থ ক্রীড়াশীল। Monier Williams-এর অভিধানে কুমার—কু + মার, যে সহজে মরে।
(খ) কৌষীতকি উপনিষদে শ্বেতকেতুকে আরুণিপুত্র এবং গৌতম বলা হইয়াছে। শ্বেতকেতু পিতা উদ্দালকের নিকট হইতে যে উপদেশ লাভ করিয়াছিলেন তাহা এই ছান্দোগ্য উপনিষদের ষষ্ঠ অধ্যায়ে বিবৃত হইয়াছে।